ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের খেলা দর্শকরা দেখতে পারছেন ফেডারেশন কাপের টিকেট দিয়ে! বিস্ময়কর হলেও ঘটনাটা সত্যি।
এএফসির একটি প্রতিযোগিতা কেন ফেডারেশন কাপের টিকেট দিয়ে দেখা যাচ্ছে জানতে চাইলে প্রতিযোগিতাটির স্থানীয় আয়োজক কমিটির প্রধান মনজুর হোসেন মালু বলেন, "এই টুর্নামেন্টে দর্শক তেমন হবে না বলেই আমাদের বিশ্বাস। তাই নতুন করে টিকেট ছেপে টাকা নষ্ট করতে চাই না। এতে আমাদের কিছুটা হলেও খরচ বাঁচবে।"
যদিও বাফুফে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য এএফসির কাছ থেকে ২৫ হাজার মার্কিন ডলার পাচ্ছে। অংশ নেয়া চার দল সৌদি আরব, ইরাক, ওমান ও মালদ্বীপ ২০ হাজার ডলার করে বাফুফেকে দিচ্ছে। সব মিলিয়ে অঙ্কটা এক লাখ পাঁচ হাজার ডলার। স্পন্সরদের কাছ থেকেও পাওয়া যাচ্ছে ৭ লাখ টাকা। তাই বাফুফের এমন 'কৃচ্ছ্রতা সাধন' নিয়ে প্রশ্ন উঠবেই।
এমনকি কোনো কোনো দর্শকও এ নিয়ে অসন্তুষ্ট। আরামবাগ থেকে আসা আব্দুল আলিম বলেন, "ফেডারেশন কাপের টিকেট নিয়ে আমরা মাঠে ঢুকতে পারছি। এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এএফসির একটি টুর্র্নামেন্টের জন্য কি বাফুফে অল্প কিছু টিকেটও ছাপতে পারতো না?''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৭২৭ঘ.
bdnews24