ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগের খেলোয়াড় নেমানজা ভিদিচ সোমবার নিশ্চিত করেছেন, জাতীয় দল থেকে অবসর নিয়েছেন তিনি। ভরাক্রান্ত মন নিয়ে বলেছেন, পরবর্তী প্রজন্মের ফুটবলারদের জন্য বোঝা হয়ে থাকতে চান না তিনি।
এর আগে সার্বিয়ার ফুটবল ফেডারেশন জানায়, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ভিদিচ।
সার্বিয়ার হয়ে তার খেলা নিয়ে সমালোচনার জবাবে এ সিদ্ধান্ত নেন জাতীয় দলের হয়ে ৫৬ ম্যাচ খেলা ভিদিচ।
গত মাসে ইউরো ২০১২ এর বাছাই পর্বের ম্যাচে স্লোভানিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলেন তিনি। ১-০ গোলে ওই ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ভিদিচ।
ওই পরাজয়ের কারণে, সার্বিয়াকে এখন 'প্লে অফ' ম্যাচ খেলতে হচ্ছে।
৩০ বছর বয়সী ভিদিচ এক বিবৃতিতে বলেন, "এ সিদ্ধান্ত নিয়ে আমি অনেক ভেবেছি। আমার হৃদয় ভেঙ্গে গেছে তারপরও আামি সার্বিয়া জাতীয় দলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছি।"
"দশ বছর দেশের হয়ে খেলার পর আমার মনে হয়েছে, সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। এতে নতুন খেলোয়াড়রা উঠে আসার সুযোগ পাবেন," যোগ করেন তিনি।
"এর মূল কারণ জাতীয় দলের হয়ে আমার খেলা নিয়ে দীর্ঘদিন ধরে সংবাদ মাধ্যম ও দর্শকদের বিরূপ সমালোচনা। যদিও কখনো কখনো আমি চোট নিয়েই খেলেছি, খেলেছি আমার ক্লাবের ইচ্ছেল বিরুদ্ধেও," যোগ করেন তিনি।
ম্যান ইউ'র অধিনায়ক ভিদিচ জাতীয় দলের হয়ে গোল করেছেন দুটি। সংবাদ মাধ্যম অভিযোগ করে আসছে, জাতীয় দলের হয়ে খেলার সময় তিনি খুব বেশি পরিশ্রম করেন না।
স্লোভানিয়ার বিপক্ষে পরাজয়ের পর ইন্টার মিলানের মিডফিল্ডার ডেজান স্টানকোভিচও জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩৫৮ ঘ.
bdnews24