ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার হকি লিগ দীর্ঘ দিন বন্ধ থাকার প্রতিবাদে সোমবার সাবেক ও বর্তমান খেলোয়াড়রা মাঠে ঢুকে জাতীয় যুব হকি প্রতিযোগিতার ফাইনাল খেলা বন্ধ করে দেন। এর আগে ৪৬ মিনিট পর্যন্ত খেলা হলেও কোনো গোল হয়নি।
পরে ফাইনালের দুই দল ঢাকা ও রাজশাহীকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
জাতীয় দলের সাবেক খেলোয়াড় আরিফুল হক প্রিন্স ও কামরুজ্জামান রানার নেতৃত্বে খেলোয়াড়রা মাঠে ঢুকে খেলা বন্ধ করে ফেডারেশনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানায়।
খেলোয়াড়দের অভিযোগ, নির্বাচনে প্রতিনিধি বাড়ানোর জন্যই ৭ বছর পর যুব হকির আয়োজন করা হয়েছে। তাদের দাবি, এই ধরনের প্রতিযোগিতার কোনো ভবিষ্যত নেই। অথচ হকির মূল প্রতিযোগিতা প্রিমিয়ার লিগ আয়োজনের কোনো উদ্যোগই ফেডারেশন নিচ্ছে না।
৮ বছর ধরে জাতীয় দলে খেলছেন রাসেল মাহমুদ জিমি। প্রচন্ড ক্ষোভ নিয়ে বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৯ সালের প্রিমিয়ার লিগ হয়েছে ২০১০ সালে। ২০১১ সাল শেষ হতে চললো। অথচ ২০১০ ও ২০১১ সালের প্রিমিয়ার লিগ আলোর মুখ দেখেনি। একটা প্রতিযোগিতার ফাইনাল হচ্ছে। অথচ সাধারণ সম্পাদক মাঠে আসার প্রয়োজনবোধ করেননি। বিশেষ অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার কিন্তু ঠিকই এসেছেন।"
তার অভিযোগের আঙ্গুল ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার জামিলউদ্দিনের দিকে। জিমির মতে, 'সাধারণ সম্পাদকের কারণেই আজ হকির এই দুর্দশা।'
পরে ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার খেলোয়াড়দের ডেকে বিষয়টি সুরাহা করার চেষ্টা করেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এরপর ক্রীড়া প্রতিমন্ত্রী খেলোয়াড়দের আশ্বস্ত করে আগামী সোমবার বৈঠকে বসার আহ্বান জানান। তখন খেলোয়াড়রা মাঠ ছাড়তে রাজি হন। কিন্তু আলোর স্বল্পতায় খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
হকির সমস্যা অজানা ছিলো জানিয়ে আহাদ আলী সরকার বলেন, "আমি জানতাম সব ঠিক আছে। প্রিমিয়ার লিগ যে হয় না, সে কথা কেউ আমাকে বলেনি। খুব শিগগিরি এই সমস্যার সমাধান করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিএ/এএআর/১৯৫৫ঘ.
bdnews24