ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভিয়ারিয়ালকে ৩-০ গোলে হারিয়ে লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছেছে লেভান্তে।
টানা ছয় খেলায় জেতায় স্পেনের প্রথম বিভাগের সবচেয়ে কম বাজেটের দলটির পয়েন্ট এখন রিয়াল মাদ্রিদের চেয়ে ১ বেশি। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে এগিয়ে আছে ২ পয়েন্ট।
এল মাদ্রিগাল স্টেডিয়ামে লেভান্তের আক্রমণভাগের খেলোয়াড় হুয়ানলু গোমেজ দুই গোল দেন প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোলটি করেন 'স্ট্রাইকার' অরুনা কোন।
মাত্র দু'বছর আগে দ্বিতীয় বিভাগে খেললেও ভিয়ারিয়ালকে নাকানিচুবানি খাওয়াতে খুব একটা অসুবিধা হয়নি এ মৌসুমে অপরাজিত লেভান্তের। এরই মধ্যে দলটির কাছে হার মেনেছে রিয়াল মাদ্রিদ ও বড় বাজেটের দল মালাগা।
খেলা শেষে দলের কোচ হুয়ান ইগনাসিও মার্টিনেজ বলেন, "দলের খেলোয়াড়রা দেখিয়ে দিয়েছেন যে, যা তারা করেছেন, তা তারা বিশ্বাস করেন। এই পর্যায়ের প্রতিযোগিতায় এ ধরনের মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ।"
"বড় বড় দলকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে যাওয়া চাট্টিখানি কথা নয়। তারপরও মাঠে আমাদের পায়ের কাজ দেখিয়ে যেতে হবে। সেই সঙ্গে মনে রাখতে হবে এ মৌসুমে এখনো বিস্তর পথ হাঁটতে হবে," যোগ করেন তিনি।
এর আগের খেলায় ভালেন্সিয়ার ত্রাতা হয়ে আবির্ভাব ঘটে রবার্তো সোলদাদোর। তার শেষদিকের গোলে ভালেন্সিয়া ১-১ গোলে ড্র করে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে। আতলেটিকো মাদ্রিদ ও মালোর্কার খেলাও ১-১ গোরে অমীমাংসিতভাবে শেষ হয়।
এছাড়া ওসাসুনা ৩-০ গোলে জিতেছে জারাগোজার বিপক্ষে। রায়ো ভালেকানো ২-০ গোলে হারিয়েছে রিয়াল বেটিসকে। গেতাফে ও রিয়াল সোসিয়েদাদের খেলায় গোল করতে পারেনি কোনো দল।
আট খেলায় ২০ পয়েন্ট নিয়ে লেভান্তে আছে তালিকার শীর্ষে। সমান খেলায় তালিকার দ্বিতীয় দল রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৯। আর বার্সা আছে তিন নম্বরে। দলটির পয়েন্ট ১৮।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৫৯ ঘ.
bdnews24