২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ লিগ পাল্টে বাংলাদেশ প্রিমিয়ার লিগ

পাল্টে গেলো বাংলাদেশ লিগের নাম। রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সভায় বাংলাদেশ লিগের নতুন নামকরণ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 05:05 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাল্টে গেলো বাংলাদেশ লিগের নাম। রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সভায় বাংলাদেশ লিগের নতুন নামকরণ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। শুরুতে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের নাম ছিলো বি-লিগ। এরপর নাম পাল্টে রাখা হয় বাংলাদেশ লিগ। পঞ্চম আসরে নতুন নামে হাজির হতে যাচ্ছে এই আসর। প্রথমবারের মতো শুরু হতে যাওয়া পেশাদার লিগের দ্বিতীয় স্তরের নামও পাল্টে ফেলা হয়েছে। আগে মেজর লিগ রাখার কথা শোনা গেলেও চ্যাম্পিয়নশিপ লিগ নামে পরিচিত হবে দ্বিতীয় স্তর। সাত বিদেশী ফুটবলার নিবন্ধনের বিষয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। রোববারের সভায় সেই সিদ্ধান্তই গৃহীত হয়েছে। তবে মাঠে নামতে পারবেন চারজন বিদেশী। নিয়মটা আগামী মৌসুমেও থাকবে বলে সভা শেষে জানান বাফুফের জৈষ্ঠ্য সহ-সভাপতি সালাম মুর্শেদী। দ্বিতীয় স্তরে দলের সংখ্যা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। নভেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য দ্বিতীয় স্তরে ছয় দল অংশ নেয়া নিশ্চিত করলেও সংখ্যাটা বাড়তে পারে। উত্তর বারিধারা ক্লাব অংশ নেয়ার জন্য আবেদন করেছে। তবে শর্ত জুড়ে দিয়ে বলেছে, ঢাকার বাইরে শুধু একটা ভেন্যু হলেই তারা খেলবে। শেখ জামাল-রহমতগঞ্জের 'সমঝোতা'র ম্যাচ নাড়িয়ে দিয়েছিলো বাংলাদেশের ফুটবলকে। প্রমাণ হলেও বাইলজে ফাঁক থাকায় জরিমানা দিয়েই বেঁচে গেছে দল দুটি। ফলে এবার বাইলজে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। সব ম্যাচ ভিডিও করা হবে। এছাড়া পাতানো ম্যাচ তদন্তে করা হবে 'বিশেষ কমিটি'। মাঠে সব ধরনের যান্ত্রিক সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা হয়েছে। পাতানো ম্যাচের শাস্তির বিধানও নিশ্চিত করা হয়েছে। শাস্তি হিসেবে অভিযুক্ত ম্যাচ বাতিল এবং দু দলের অর্জিত পয়েন্ট থেকে ৬ পয়েন্ট করে কেটে নেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২২৫৮ঘ.