২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসি মিলানের নাটকীয় জয়

তিন গোলে পিছিয়ে পড়েও বদলি খেলোয়াড় কেভিন প্রিন্স বোয়েটাংয়ের হ্যাটট্রিকের সুবাদে রোববার ইতালির 'সেরি আ'তে লেচ্চেকে ৪-৩ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান। আর নোভারাকে ৩-০ গোলে হারিয়ে আবারো লিগের শীর্ষে উঠেছে উদিনেসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 04:43 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন গোলে পিছিয়ে পড়েও বদলি খেলোয়াড় কেভিন প্রিন্স বোয়েটাংয়ের হ্যাটট্রিকের সুবাদে রোববার ইতালির 'সেরি আ'তে লেচ্চেকে ৪-৩ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান। আর নোভারাকে ৩-০ গোলে হারিয়ে আবারো লিগের শীর্ষে উঠেছে উদিনেসে। অন্যান্য খেলায় ইন্টার মিলান ১-০ গোলে শিয়েভোকে, সিয়েনা ২-০ গোলে চেসেনাকে, আতালান্তা ২-১ গোলে পার্মাকে ও রোমা ১-০ গোলে পালের্মোকে হারিয়েছে। নাপোলি-ক্যালিয়ারি খেলাটি গোলশূন্য ড্র হয়। এবারের মৌসুমটা একেবারেই ভালো যাচ্ছে না এসি মিলানের। তার ওপর লেচ্চের মাঠে অতিথি হয়ে খেলতে গিয়ে ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে তারা। মিডফিল্ডার গনজালো জিয়াকোমাজ্জির হেড থেকে বল জড়িয়ে যায় মিলানের জালে। লেচ্চের দ্বিতীয় গোলটির উৎস পেনাল্টি। ৩০ মিনিটের সময় মাসিমো ওদো গোলটি করেন। ঠিক ৭ মিনিট পর লেচ্চেকে ৩-০ গোলে এগিয়ে দেন কার্লোস গ্রোসমুলার। লিগ টেবিলের নিচের দিক থেকে দ্বিতীয় লেচ্চের কাছে ৩৭ মিনিটের মধ্যে ৩-০ গোলে পিছিয়ে পড়ে এসি মিলান তখন একেবারে দিশেহারা । দ্বিতীয়ার্ধের শুরুতে রবিনহোকে তুলে নিয়ে বোয়েটাংকে মাঠে নামায় মিলান। মাঠে নেমে যেন জাদু দেখাতে থাকেন তিনি। ৪৯ মিনিটে প্রথম গোল করেন। বাকি ১৩ মিনিটে আরো দুটো গোল করে অবিশ্বাস্যভাবে দলকে সমতায় ফেরান। খেলা শেষ হওয়ার ৭ মিনিট আগে মিলানের হয়ে জয়সূচক গোলটি করেন মারিও আলবার্তো ইয়েপেস। ২০০২ সালের ৫ জানুয়ারির পর এই প্রথম লেচ্চের মাঠে জয় পেলো মিলান। আর সেই জয়ও কী নাটকীয়তায় ভরা! এই জয়ের ফলে ৭ খেলায় ১১ পয়েন্ট নিয়ে লিগের সপ্তম স্থানে উঠে এসেছে মিলান। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা উদিনেসের সংগ্রহ ১৫ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৩০ঘ.