২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওল্ড ট্র্যাফোর্ডে বিধ্বস্ত ম্যান ইউ

রোববার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে টানা ১৯ ম্যাচ অপরাজিত পর এটাই ম্যান ইউর প্রথম হার। ম্যান ইউর বিপক্ষে এটাই ম্যান সিটির সবচেয়ে বড় ব্যবধানে জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 04:25 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে টানা ১৯ ম্যাচ অপরাজিত পর এটাই ম্যান ইউর প্রথম হার। ম্যান ইউর বিপক্ষে এটাই ম্যান সিটির সবচেয়ে বড় ব্যবধানে জয়। গত বছর এপ্রিলে ওল্ড ট্র্যাফোর্ডে চেলসির কাছে সর্বশেষ হার মেনেছিলো ম্যান ইউ। ১৯৫৫ সালের পর নিজেদের মাঠে ঘরোয়া লিগে এটাই অ্যালেক্স ফার্গুসনের দলের সবচেয়ে বড় ব্যবধানে হার। ৫৬ বছর আগে ০-৫ গোলে বিধ্বস্ত হওয়া ঐ ম্যাচেও ম্যান ইউর প্রতিপক্ষ ছিলো 'প্রতিবেশী' ম্যান সিটি। ম্যানচেস্টার 'ডার্বি'তে ম্যান সিটির পক্ষে মারিও বালোতেল্লি ও এডিন জেকো দুটি করে এবং সার্জিও অ্যাগুয়েরো ও দাভিদ সিলভা একটি করে গোল করেন। ম্যান ইউর স্বান্ত্ব—নাসূচক গোলদাতা ড্যারেন ফ্লেচার। এই জয়ের সুবাদে প্রিমিয়ার লিগের শীর্ষ স্থান সুসংহত করলো ম্যান সিটি। ৯ খেলায় ২৫ পয়েন্ট তাদের। ২০ পয়েন্ট নিয়ে ম্যান ইউ আপাতত দ্বিতীয় স্থানে। রোববারের অন্য খেলায় স্টোক সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগের সপ্তম স্থানে উঠে এসেছে আর্সেনাল। বিজয়ী দলের রবিন ভ্যান পার্সি দুটো ও জার্ভিনহো একটি গোল করেন। স্টোক সিটির একমাত্র গোলটি পিটার ক্রাউচের। ঐতিহ্যবাহী হলেও অনেক দিন ধরে ম্যান ইউর আধিপত্যের কারণে ম্যানচেস্টার 'ডার্বি'কে ঘিরে উত্তেজনা বেশ কমে গিয়েছিলো ফুটবলপ্রেমীদের। তবে নতুন শক্তিতে গড়ে ওঠা ম্যান সিটি গত মৌসুম থেকেই জানিয়ে দিয়েছে, এখন থেকে এই ম্যাচে জোর লড়াই হবে। তবে তাই বলে ম্যাচ শুরু হওয়ার আগেও ম্যান সিটির কোনো সমর্থক এত বিশাল ব্যবধানে জয়ের কথা ভাবতে পেরেছিলেন কিনা সন্দেহ! এ মৌসুমেই আর্সেনালকে ওল্ড ট্র্যাফোর্ডে ৮-২ গোলে উড়িয়ে দিয়েছিলো ম্যান ইউ। এবার সেই চিরচেনা মাঠেই উল্টো লজ্জায় পড়তে হলো তাদের। খেলা শুরু হওয়ার মাত্র ৪৮ ঘন্টা আগে বালোতেল্লির বাসায় আগুন লেগেছিলো। পালিয়ে কোনো রকমে জীবন বাঁচান তিনি। এই দুর্ঘটনাই তাকে তাতিয়ে দিয়েছিলো কিনা কে জানে! ২২ ও ৬০ মিনিটে দুই গোল করে রবার্তো মানচিনির দলের সুমধুর জয়ের অন্যতম রূপকার এই ইতালীয় স্ট্রাইকার। দুটো গোলেরই উৎস ছিলেন জেমস মিলনার। প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে থাকা স্বাগতিকরা দ্বিতীয়ার্ধের শুরুতেই পরিণত হয় দশ জনের দলে। বালোতেল্লিকে টেনে-হিঁচড়ে ফেলে দেয়ার অপরাধে সরাসরি লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান ম্যান ইউ ডিফেন্ডার জনি ইভান্স। ৬৯ মিনিটে বক্সের ভেতর থেকে নেয়া সার্জিও অ্যাগুয়েরোর শটে নিশ্চিত হয়ে যায় ম্যান সিটির জয় (৩-০)। ৮১ মিনিটে একটি গোল শোধ করে ম্যান ইউ। হাভিয়ের হার্নান্দেজের পাসে গোল করেন ফ্লেচার। তবে তাতে কোনো লাভ হয়নি স্বাগতিকদের। শেষ তিন মিনিটে ইংল্যান্ডের বর্তমান চ্যাম্পিয়নদের নিয়ে স্রেফ ছেলেখেলা করে ম্যান সিটি। ঐ সময়ে হয় তিনটি গোল। এই তিন গোলের প্রথম ও শেষটি বসনিয়ার স্ট্রাইকার জেকোর, মাঝেরটি স্পেনের ফরোয়ার্ড দাভিদ সিলভার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২২১৩ঘ.