ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির 'সেরি আ' তে শনিবার জুভেন্তাসকে ২-২ গোলে রুখে দিয়েছে জেনোয়া। ফিওরেন্তিনা-কাতানিয়া ম্যাচটির ফলও ২-২।
তবে ড্র করলেও ৭ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে জুভেন্তাস। এক ম্যাচ কম খেলা উদিনেসে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। ৭ খেলায় ৯ পয়েন্ট নিয়ে জেনোয়ার অবস্থান নবম।
নিজেদের মাঠে খেলার ষষ্ঠ মিনিটেই জুভেন্তাসকে এগিয়ে দেন আলেসান্দ্রো মাতরি। ২৫ মিনিটে আরেকটি গোলও প্রায় পেয়েই যাচ্ছিলেন তিনি। কিন্তু মাতরির শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি জেনোয়া গোলরক্ষক সেবাস্টিয়ান ফ্রেই ।
৩১ মিনিটে গোল করে জেনোয়াকে সমতায় ফেরান মার্কো রসি। আলেজান্দ্রে মার্কেলের ক্রস থেকে জোরালো হেডে বল জালে জড়িয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্রেই আবারো গোল বঞ্চিত করেন মাতরিকে। তবে ৫৮ মিনিটে আর পেরে ওঠেননি ফ্রেই। পিরলোর কাছ থেকে পাস পেয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন মাতরি।
এক সময় মনে হচ্ছিলো নিজেদের মাঠে তিন পয়েন্টই পেতে যাচ্ছে জুভেন্তাস। তবে বদলি খেলোয়াড় আন্দ্রেয়া কারাচ্চিওলো খেলা শেষ হওয়ার মাত্র পাঁচ মিনিট আগে গোল করে একটি পয়েন্ট উপহার দেন জেনোয়াকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০১৩ঘ.
bdnews24