ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিরপুর জাতীয় সুইমিং কমপ্লে¬¬ক্সে শুরু হওয়া ২৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার প্রথম দিন রোববার একটি জাতীয় রেকর্ড হয়েছে। পুরুষদের ৪ী১০০ মিটার ফ্রি-স্টাইলে ৩ মিনিট ৪২ দশমিক ৩ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছে নৌবাহিনী।
বাংলাদেশ নৌবাহিনীর রেকর্ড গড়া দলে ছিলেন মাহফিজুর রহমান, রুবেল রানা, জুয়েল আহমেদ ও নজরুল ইসলাম। আগের রেকর্ডটি ছিলো ৩ মিনিট ৪৩ দশমিক ৭২ সেকেন্ড।
প্রথম দিন শেষে পদক তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ আনসার। ১২টি ইভেন্টের মধ্যে ছয়টিতে সোনা জিতেছে তারা। রুপা জিতেছে চারটিতে।
পাঁচটি সোনা নিয়ে বাংলাদেশ নৌবাহিনী দ্বিতীয় স্থানে। একটি সোনা নিয়ে সেনাবাহিনী তৃতীয়।
ব্যক্তিগত অর্জনে এগিয়ে আছেন বাংলাদেশ আনসারের সোনিয়া আক্তার। প্রথম দিনেই তিনি জিতেছেন তিনটি সোনা। তার দলের ডলি আক্তার ২টি সোনা নিয়ে ঠিক তার পেছনে অবস্থান করছেন।
তিনদিন ব্যাপী জাতীয় সাঁতারের ৪২টি ইভেন্টে এবার অংশ নিচ্ছে ৪০টি দল। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৩০ জন সাঁতারু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২০০৩ ঘ.
bdnews24