ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনার সঙ্গে ড্র করার পর কোচ পেপ গার্দিওলা সেভিয়ার রক্ষণভাগ, বিশেষ করে গোলরক্ষক জাভি ভারাসের প্রশংসা করেছেন।
খেলার শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে বর্তমান চ্যাম্পিয়নরা। মনে হচ্ছিল তিন পয়েন্ট থেকে খুব একটা দূরে নেই দলটি। কিন্তু শেষ মুহূর্তে গোলরক্ষক ভারাস লিওনেল মেসির পেনাল্টি শট ঠেকিয়ে দিলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বার্সাকে।
খেলা শেষে গার্দিওলা বলেন, "আমার মনে হয়, আমরা ভালোই খেলেছি। তবে সেভিয়ার খেলা, বিশেষ করে রক্ষণভাগ ও গোলরক্ষকের প্রশংসা অবশ্যই করতে হবে।"
একই সঙ্গে তিনি একথাও বলেন যে, "যদি কোনো দল খুবই রক্ষণাত্মক ফুটবল খেলে, তাহলে সেই দলের সঙ্গে খেলা সহজ নয়। নয়জন খেলোয়াড়কে রক্ষণভাগে রাখায় জায়গা বানানোই সম্ভব হয়নি।"
"বল আমাদের পায়ে পায়ে ঘুর-পাক করেছে শতকরা ৭৭ ভাগ সময়। বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণভাগে হামলাও চালিয়েছি। কিন্তু গোল আদায় করতে পারিনি," যোগ করেন তিনি।
এই ড্রয়ের ফলে বার্সা নেমে গেছে তালিকার দ্বিতীয় স্থানে। আর মালাগার বিপক্ষে ৪-০ গোলে জিতে রিয়াল মাদ্রিদ উঠে গেছে শীর্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৩৬ ঘ.
bdnews24