ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনাকে রুখে দিয়েছে সেভিয়া। গোলশূন্য ড্র করেছে লা লিগা চ্যাম্পিয়নদের সঙ্গে। আর একে ভালোভাবে কাজ লাগিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাট্রিকের ওপর ভর করে মালাগাকে নাকাল করে তারা ৪-০ গোলে।
মনে হচ্ছিল খেলায় জিতেই যাবে বার্সা। অতিরিক্ত সময়ে (৯০ ) আন্দ্রেস ইনিয়েস্তাকে ফাউল করায় পেনাল্টি দেন রেফারি। কিন্তু সেভিয়া গোলরক্ষক জাভি ভারাস ঠেকিয়ে দেন লিওনেল মেসির শট।
তবে বার্সার চিরকালের প্রতিপক্ষ মাদ্রিদকে এ অবস্থায় পড়তে হয়নি বড় বাজেটের দল মালাগার বিপক্ষে। প্রথম দুটো গোলের জন্য গঞ্জালো হিগুয়াইন ও রোনালদোকে বল বানিয়ে দেন অ্যাঞ্জেল ডি মারিয়া। এরপর প্রথমার্ধেই আরো দুটো গোল করে হ্যাট্রিক আদায় করে নেন পর্তূগালের আক্রমণভাগের খেলোয়াড় রোনালদো।
এই খেলায় জিতে বার্সেলোনাকে পেছনে ফেলে এক পয়েন্টে এগিয়ে গেলো মাদ্রিদ। দুই পয়েন্ট পেছনে ফেললো লেভান্তেকে। এই চারটি গোল নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় শেষ ছয় খেলায় প্রতিপক্ষের জালে ২৫ বার বল পাঠালো মাদ্রিদ। আর নিজেদের জালে বল ঢুকেছে মাত্র তিনবার।
মাদ্রিদের পয়েন্ট আট খেলায় ১৯। সমান খেলায় ১৮ পয়েন্ট বার্সার।
এদিকে মৌসুমে প্রথমবারের মতো জয়ের মুখ দেখেছে স্পোর্টিং গিজন। গ্রানাদাকে হারিয়েছে ২-০ গোলে। সার্জিও গার্সিয়ার দ্বিতীয়ার্ধের গোলের সুবাদে রেসিং সান্তান্দারের বিপক্ষে ১-০ গোলে জিতেছে এসপানিওল। এটি দলটির টানা দ্বিতীয় জয় হলেও সান্তান্দারের কাছে জয় এখনো অধরাই রয়ে গেছে।
একে নিজেদের মাঠ, তারওপর দল গড়তে কোটি কোটি অর্থ খরচ করেছেন কাতারের মালিক শেখ আব্দুল্লাহ বিন নাসের আল-থানি। তাই স্তাদিও লা রোসালেদার ২৬ হাজার সমর্থকের মধ্যে প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু মাদ্রিদ খুব সহজেই দেখিয়ে দিল অর্থ ঢাললেও কাজের কাজ কিছুই হয়নি। তাদের 'চ্যলেঞ্জ' জানাতে এখনো বিস্তর পথ হাঁটতে হবে মালাগাকে।
গত কয়েকটি খেলায় আক্রমণভাগের খেলোয়াড়দের অদল-বদল করে মাঠে নামিয়েছেন হোসে মরিনহো। এবারো তার ব্যতিক্রম হয়নি। চ্যাম্পিয়ন্স লিগে লিওর বিপক্ষে সকলের চোখ ধাঁধিয়ে দেয়ার পরও করিম বেনজেমাকে বসিয়ে রেখে খেলান হিগুয়াইনকে।
খেলা শুরু হওয়ার পরপর কোচের সিদ্ধান্ত যে কতটা সঠিক তা প্রমাণ করে দেন হিগুয়াইন। ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে তা জালে পাঠিয়ে আদায় করে নেন মৌসুমের নবম গোল।
খেলায় অবশ্য একেবারে অসহায় হয়ে পড়ে মালাগা। এক সময় মনে হচ্ছিল মালাগার অর্ধেই যেন ক্যাম্প বানিয়েছে মাদ্রিদ। এর ফলে পাল্টা-আক্রমণ চালানোর জায়গাও বানাতে পারছিল না প্রতিপক্ষ।
মালাগার এই নাজুক অবস্থাকে বেশ ভালোভাবেই কাজে লাগান রোনালদো। গত তিন খেলায় না পেলেও এবার গোলের ধারায় ফিরলেন তিনি সকলের চোখে পড়ার মতো করে। খেলার ২২ মিনিটে ডি মারিয়ার কাছ থেকে আড়াআড়িভাবে বল পেয়ে তা পাঠিয়ে দেন প্রতিপক্ষের জালে।
ছয় মিনিট পর বক্সের ঠিক বাইরে থেকে প্রচণ্ড শট নেন রোনালদো। রাইফেলের গুলির মতো বল চলে যায় গোলরক্ষককে অতিক্রম করে। ৩৮ মিনিটে আদায় করে নেন তৃতীয় গোল। সার্জিও রামোসের 'হেড' জালে জড়িয়ে দেন 'ব্যাক হিল' করে। সেই সঙ্গে ধরে ফেললেন লিওনেল মেসিকে।
গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা রোনালদো ও মেসি, দুজনেই লা লিগায় এ পর্যন্ত গোল দিয়েছেন দশটি করে।
ন্যু ক্যাম্পে শতকরা ৭০ ভাগেরও বেশি সময় বল ঘুরেছে বার্সার খেলোয়াড়দের পায়ে পায়ে। কিন্তু সেভিয়ার সুশৃঙ্খল রক্ষণ দেয়াল ভাঙা সম্ভব হয়নি তাদের পক্ষে।
দানি আলভেজ বারবার চেষ্টা করেন ডান প্রান্ত দিয়ে রক্ষণ দেয়াল ভাঙতে। আর মেসি ও ইনিয়েস্তা ফাঁক-ফোকর তৈরি করার চেষ্টা করেন মাঝ বরাবর।
খেলার ৭৩ মিনিটে বড় বাঁচা বেঁচে যায় সেভিয়া। ইনিয়েস্তার শট ফিরে আসে ক্রসবারে লেগে।
খেলার শেষদিকে ইনিয়েস্তাকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এর প্রতিবাদ করায় লাল কার্ড দেখতে হয় সেভিয়ার ফ্রেদরিক কানুত ও ফার্নান্দো নাভরোকে।
আর পেনাল্টি শট নিয়েও গোল করতে পারেননি বর্তমান দুনিয়ার সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় হিসেবে পরিচিত মেসি।
আট খেলায় ১৬ পয়েন্ট নিয়ে সেভিয়া আছে চতুর্থ স্থানে। ছয় নম্বরে আছে মালাগা। সমান খেলায় দলটির পয়েন্ট ১৩।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৫৮ ঘ.
bdnews24