ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো বলেছেন, দলের তারকা খেলোয়াড় ক্রিষ্টিয়ানো রোনালদো স্বার্থপর নয় বরং সে দলের একজন হয়েই খেলে।
গত মাসে রায়ো ভায়েকানোর বিপক্ষে হ্যাটট্রিকের পর লিগে রিয়াল মাদ্রিদের হয়ে আর কোনো গোল করেননি রোনালদো।
পর্তুগালের এই ফরওয়ার্ড সর্বশেষ গোল করেন ২৭ সেপ্টেম্বর আয়াক্সের বিপক্ষে। এরপর মাদ্রিদ এসপানিয়ল, রিয়াল বেটিস ও লিওঁর মুখোমুখি হলেও গোল পাননি রোনালদো। তবে ২৬ বছর বয়সী এই খেলোয়াড় সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫টি গোল। যা তার কোচের বক্তব্যকেই সমর্থন করে।
স্পেন ভিত্তিক পত্রিকা 'মার্কা' কে মরিনহো বলেন, "আমি সবসময়ই বলে এসেছি রোনালদো স্বার্থপর খেলোয়াড় নয়। তার খেলার নিজস্ব একটি বৈশিষ্ট্য আছে। যা আমি পরিবর্তন করতে চাই না।"
"সে এমনই। দল ভালো খেলছে এবং সম্মুখভাগের খেলোয়াড়রা গোল পাচ্ছে। এত রোনালদোও যে খুশি হচ্ছে তাতে অবাক হওয়ার কিছু নেই," যোগ করেন তিনি।
লিগে শনিবার মালাগার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।
নিজের দল সম্পর্কে মরিনহো বলেন, "দল গোল পাচ্ছে। তারা খেলছেও চমৎকার। কিন্তু প্রত্যেক ম্যাচেই আমরা চার গোল করতে পারব না। যদিও মালাগার বিপক্ষে চার গোল পেলে সেটা দারুণ হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮০০ ঘ.
bdnews24