ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত খেলা হবে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে। আর উদ্বোধনী খেলা সাও পাওলোয় হবে বলে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) জেনারেল সেক্রেটারি জেরোম বালকে জানিয়েছেন।
তিনি বৃহস্পতিবার বলেন, উদ্বোধনী খেলা হবে জুনের ১২ তারিখে। ১৩ জুলাই হবে চূড়ান্ত খেলা।
সেমিফাইনাল দুটোর প্রথমটি হবে ৮ জুলাই বেলো হরিজন্তেতে। ৯ জুলাই সাও পাওলোয় হবে দ্বিতীয়টি। আর তৃতীয় স্থান নির্ধারণী খেলা হবে ১২ জুলাই ব্রাসিলিয়ায়।
বিশ্বকাপের ১২টি স্টেডিয়ামের নির্মাণ ও সংস্কার কাজের অগ্রগতিতে খুব একটা সন্তুষ্ট নয় ফিফা। এরই মধ্যে কয়েকবার উদ্বেগ প্রকাশ করে সময় মতো কাজ শেষ করার তাগিদ দিয়েছে তারা। কিন্তু দেশটির প্রেসিডেন্ট ডিলমা রৌসেফ আগস্টের মাঝামাঝি সময় থেকে বলে আসছেন, কাজ ঠিকঠাক এগিয়ে চলছে।
মারাকানার সংস্কার কাজে ৬৬০ মিলিয়ন ডলার ব্যয় হবে বলে ধরা হয়েছে।
সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ব্রাজিল সরকার নিশ্চিত করেছে যে, ২০১২ সালের ডিসেম্বর নাগাদ সবগুলো স্টেডিয়ামের কাজ শেষ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৫২ ঘ.
bdnews24