২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্র্যাশ তেভেজ টি-শার্ট

কার্লোস তেভেজের বিপক্ষে শেষ পর্যন্ত একই সঙ্গে প্রচারাভিযানে নেমেছেন দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির সমর্থকরা। এর নাম দিয়েছেন তারা 'ট্র্যাশ তেভেজ টি-শার্ট'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 06:40 AM

Updated : 25 Apr 2022, 11:51 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্লোস তেভেজের বিপক্ষে শেষ পর্যন্ত একই সঙ্গে প্রচারাভিযানে নেমেছেন দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির সমর্থকরা। এর নাম দিয়েছেন তারা 'ট্র্যাশ তেভেজ টি-শার্ট'। ইউনাইটেড ও সিটি, উভয় দলের সমর্থকদের প্রতি তেভেজের নাম লেখা তাদের নিজ নিজ টি-শার্ট বা 'জার্সি' রোববার ওল্ড ট্র্যাফোর্ডে ফেলে দেয়ার আহ্বান জানানো হচ্ছে। সেদিনই প্রিমিয়ার লিগের খেলায় মুখোমুখি হবে দল দুটো। এই টি-শার্টগুলো ফেলার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের স্পন্সর প্রতিষ্ঠান বেটফেয়ার ওই দিন ওল্ড ট্র্যাফোর্ডের ঠিক বাইরে আবর্জনা ফেলার একটি ট্রাক রাখবে। ট্রাকটির অর্ধেক অংশ লাল ও বাকি অংশ নীল। আর এটির নাম দেয়া হয়েছে 'রিসাইক্লিং তেভেজ'। টি-শার্ট ফেলে দেয়ার বিনিময়ে সমর্থকদের অবশ্য নতুন শার্ট দেয়া হবে। ৭৫ হাজারেরও বেশি ভক্ত তেভেজের নাম লেখা জার্সি ফেলে দেবে বলে ধারণা করা হচ্ছে। এরপর সেগুলো পাঠিয়ে দেয়া হবে তেভেজের দেশ আর্জেন্টিনার বিভিন্ন দাতব্য সংস্থার কাছে। বেটফেয়ারের মুখপাত্র অ্যালেক্স বেক জানান, "সময়ে সময়ে তেভেজ দর্শকদের হতাশ করে তুলছেন। তার হাত থেকে হতাশ সমর্থকরা যে মুক্তি পেতে চান, এই নাম লেখা জার্সি ফেলে দেয়ার মধ্য দিয়ে তা তাকে বুঝিয়ে দেয়া হবে।" "দুই দলের সমর্থকরা সাধারণত চোখে চোখ রেখে কথা বলেন না। তবে আমি নিশ্চিত যে জানুয়ারিতে দলবদলের সময় তেভেজ ম্যানচেস্টার সিটি থেকে বিদায় নিলে উভয় পক্ষ খুশি হবে," যোগ করেন তিনি। ২০০৯ সালে ইউনাইটেড ছেড়ে সিটিতে যোগ দেয়ায় তেভেজের প্রতি নাখোশ হন ইউনাইটেড সমর্থকরা। এদিকে সিটিতেও তেভেজের দিন শেষ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। গত মাসে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলার সময় বদলি হিসেবে তেভেজ মাঠে নামতে চাননি বলে অভিযোগ করেন কোচ রবার্তো মানচিনি। এরপর থেকে সবাই এমনটাই মনে করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২২৭ ঘ.