ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মারামারি হয়েছে। ফুটবল খেলা ছেড়ে কিছুক্ষণের জন্য খেলোয়াড়রা লিপ্ত হন মুষ্টিযুদ্ধে। ফলে খেলাও বন্ধ থাকে ওই সময়।
দক্ষিণ কোরিয়ার সুওন বিশ্বকাপ স্টেডিয়ামে বুধবার খেলার ৮১ মিনিটে কাতারের ক্লাব আল-সাদের খেলোয়াড় মামাদু নিয়াংয়ের দ্বিতীয় গোলের পরপর এই ঘটনা ঘটে।
প্রতিপক্ষ সুওন ব্লুউইংসের খেলোয়াড়রা দাবি করছেন, আল-সাদের খেলোয়াড় তাহির জাকারিয়ার সঙ্গে ধাক্কা লাগার পর তাদের খেলোয়াড় চই সুং-হাওয়ান মাটিতে পড়ে যান। এ সময় খেলা বন্ধ হয়ে গেলে আল-সাদের কাদের কিয়েতা নামের এক খেলোয়াড় শট মেরে বল ঠেলে দেন সামনে। এই সুযোগে বলটি ধরে গোল দিয়ে বসেন নিয়াং।
সুওনের খেলোয়াড়রা জানান, সে সময় তারা আহত সুং-হাওয়ানকে সারিয়ে তোলারও চেষ্টা করছিলেন।
এরপর থেকে শক্তি প্রয়োগ করে খেলে যেতে থাকে উভয় দল। এমন সময় এক দর্শক মাঠে নেমে আসেন। আর তখনই শুরু হয়ে যায় উভয় দলের খেলোয়াড়দের মধ্যে মুষ্টিযুদ্ধ।
সবকিছু শান্ত হয়ে গেলে আল-সাদের কিয়েতা ও সুওনের স্তেভিকা রিস্তিচকে মাঠ থেকে বের করে দেয়া হয়। এর কিছুক্ষণ পর দ্বিতীয়বার হলুদ কার্ড দেখায় বেরিয়ে যেতে হয় নিয়াংকেও। অযথা বলে শট মারার জন্য হলুদ কার্ড দেখানো হয় তাকে।
এই কাণ্ডের জন্য অতিরিক্ত সময়ে খেলা হয় দশ মিনিট।
খেলা শেষে সুওনের কোচ ইয়ুন সুং-হাইও বলেন, "প্রতিপক্ষের খেলোয়াড়রা অভদ্রলোকের মতো গোল দিয়েছে। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।"
নিয়াংয়ের গোলটিকে বিতর্কিত বরে স্বীকার করে আল-সাদ কোচ জর্জ ফোসাতি বলেন, "নিয়াংয়ের মাথা খারাপ হয়ে গিয়েছিল।"
খেলায় ২-০ গোলে জেতে কাতারের ক্লাবটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬১০ ঘ.
bdnews24