ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বৃহস্পতিবার ভিক্টোরিয়া প্লজেনকে নিয়ে ছেলেখেলা করলেও জিতেছে মাত্র ২-০ গোলে। আর চেলসি ৫-০ গোলে স্রেফ উড়িয়ে দিয়েছে জেঙ্ককে।
এই জয়ের ফলে মৌসুমের শুরুতে ক্লাব ফুটবলে টানা ১৩ খেলায় অপরাজিত থাকার রেকর্ড গড়লো বার্সা। চেক প্রজাতন্ত্র চ্যাম্পিয়ন প্লজেনের বিপক্ষে গোল দুটো করেন আন্দ্রেস ইনিয়েস্তা ও দাভিদ ভিয়া।
এইচ গ্র"প থেকে পয়েন্ট তালিকার শীর্ষে আছে লা লিগা চ্যাম্পিয়নরা। তবে জায়গাটি ভাগাভাগি করে নিতে হচ্ছে এসি মিলানের সঙ্গে। কেননা বাতে বরিসভকে সেরি আ চ্যাম্পিয়নরা হারিয়েছে ২-০ গোলে।
গত ১২ বছরের মধ্যে সবচেয়ে বড় জয় পেয়েছে চেলসি। জেঙ্কের বিপক্ষে পাঁচ গোলের মধ্যে দুটো করেন ফার্নান্দো তোরেস। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ভালেন্সিয়ার বিপক্ষে বায়ার লেভারকুসেন জিতেছে ২-১ গোলে।
আরন রামসের শেষ মুহূর্তের গোলে চেলসির প্রিমিয়ার লিগ প্রতিপক্ষ আর্সেনাল ১-০ গোলে জিতেছে মার্সেইয়ের বিপক্ষে। সেই সঙ্গে ফ্রান্সের দলটিকে হটিয়ে দিয়ে এফ গ্র"পের পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ইংল্যান্ডের দলটি। আর অলিম্পিয়াকোস ৩-১ গোলে জিতে পয়েন্ট তালিকার সব দলের নিচে পাঠিয়ে দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ডকে।
জি গ্র"পের দুটো খেলাই অমীমাংসিতভাবে শেষ হয়। সাইপ্রাস চ্যাম্পিয়ন অ্যাপোয়েল ধরে রেখেছে তাদের বিস্ময়কর যাত্রা। পোর্তোর সঙ্গে ড্র করে দলটি রয়ে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে। ঠিক ১ পয়েন্ট পেছনে রয়েছে জেনিত। শাখতার দনেৎস্কের সঙ্গে ২-২ গোলে ড্র করে দলটি।
নু ক্যাম্পে ৭৮ শতাংশ সময় বল ছিল বার্সেলোনার খেলোয়াড়দের পায়ে। কিন্তু তারপরও বড় জয় আদায় করে নিতে পারেনি তারা।
ভিয়া নিজেই স্বীকার করেন সে কথা। তার ভাষায়, "বলটাই যেন আজ নেটে জড়াতে চাইছিল না। আমরা ১৬ বার শট নিয়েছি। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। আমাদের আসলে ৫-০ গোলে জেতা উচিত ছিল।
খেলার ১০ মিনিটে লিওনেল মেসির সঙ্গে বল দেয়া-নেয়া করতে করতে এক পর্যায়ে 'মার্কার'কে ফাঁকি দিয়ে ইনিয়েস্তা বল পাঠিয়ে দেন জালে।
৮১ মিনিটে দলের জয় নিশ্চিত করেন ভিয়া। প্রতিপক্ষের বক্সের মধ্যে বল ছিল লিওনেল মেসির পায়ে। কিন্তু শট নিতে পারেননি। উল্টো বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। কিন্তু বল চলে যায় ভিয়ার পায়ে। কোনো দেরি না করে শট নেন তিনি। বল আশ্রয় নেয় জালে।
সান সিরোতে বেলারুশ চ্যাম্পিয়ন বাতের বিপক্ষে মিলানের হয়ে প্রথম গোল করেন জ্লাতন ইব্রাহিমোভিচ খেলার ৩৩ মিনিটে। আর খেলা শেষ হওযার ২০ মিনিট আগে দ্বিতীয়টি করেন কেভিন বোয়েটাং।
স্ট্যামফোর্ড ব্রিজে নিজেকে চেনালেন তোরেস। ৫০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে নেয়ার প্রতিদান দেয়া যেন শুরু করলেন তিনি। চেলসির পক্ষে দ্বিতীয় ও তৃতীয় গোল করেন খেলার ১১ ও ২৭ মিনিটে। এর আগে ৮ মিনিটে দলকে এগিয়ে নেন রাউল মেইরলেস। ব্রানিস্লাভ ইভানোভিচ গোল করেন ৪২ মিনিটে। আর ৭২ মিনিটে জেঙ্কের কফিনে শেষ পেরেকটি ঠোকেন সলোমন কালু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০০৩ ঘ.
bdnews24