২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভক্তদের ডাকে বারবাতভের না

অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে পা রাখতে মোটেও রাজি নন দিমিতার বার্বাতভ। এ কথা তিনি জানিয়েও দিয়েছেন তার শত শত ভক্তকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 08:52 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে পা রাখতে মোটেও রাজি নন দিমিতার বার্বাতভ। এ কথা তিনি জানিয়েও দিয়েছেন তার শত শত ভক্তকে। বুখারেস্টের ন্যাশনাল অ্যারেনায় ওতেলুল গালাতির বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলার সময় বারবাতভের শত শত সমর্থক সেখানে যান। তার মন পরিবর্তনের আহ্বান জানান তারা। কিন্তু সিদ্ধান্ত পাল্টালেন না তিনি। ফিরিয়ে দিলেন তাদের। বারবাতভ বলেন, "আমি যদি আমার ক্লাবের হয়ে খেলতে না পারি, তাহলে জাতীয় দলের হয়েও খেলতে পারি না।" তবে তিনি স্বীকার করেন, ভক্তরা যে এমন প্রতিক্রিয়া দেখাবেন তা তিনি মোটেও আশা করেননি। আন্তর্জাতিক ফুটবলে সময়টা বারবাতভের চমৎকার কেটেছে। ৭৯ খেলায় গোল করেন ৪৮টি। অবসরের ঘোষণা দেন গত বছর মে মাসে। বারবাতভের অনুপস্থিতে বুলগেরিয়ার শক্তি অনেকাংশে কমে গেছে। ২০১২ সালের ইউরো বাছাই পর্বে দলটি গোল করেছে মাত্র তিনটি। ফলে যা হওয়ার তাই হয়েছে। গ্র"পে সব দলের নিচে থেকে তারা শেষ করে বাছাই পর্ব। এটিই তাদের সবচেয়ে খারাপ ফলাফল। ভক্তদের ধন্যবাদ জানিয়ে বারবাতভ বলেন, "তাদের এই আহ্বান আমার জন্য খুবই সুখকর। আমার সতীর্থরা বিস্মিত হয়ে পড়েছিলেন। তাই আমাকে ব্যাখ্যা করতে হয়েছিল পুরো বিষয়টি।" গত বছর সাবেক বুলগেরিয়া অধিনায়কের জায়গা নেন হাভিয়ের হার্নান্দেজ। আক্রমণভাগে ওয়েন রুনির সঙ্গে গড়ে তোলেন চমৎকার একটি জুটি। জায়গা ফিরে পাওয়ার জন্য বারবাতভকে লড়াই করতে হচ্ছে ২১ বছর বয়সী ড্যানি ওয়েলবেক এবং সাবেক লিভারপুল ও রিয়াল মাদ্রিদ খেলোয়াড় মাইকেল ওয়েনের সঙ্গেও। বুখারেস্টে গালাতির বিপক্ষে ম্যান ইউ ২-০ গোলে জিতলেও মাঠে নামানো হয়নি বারবাতভকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩৯ ঘ.