ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেপ ব্লাটারের ডান হাত হিসেবে পরিচিত ফিফার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুলিও গ্রোন্দোনা মঙ্গলবার রেকর্ড নবমবারের মতো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান নির্বাচিত হয়েছেন।
তিনি দায়িত্ব পালন করবেন ২০১৫ সাল পর্যন্ত।
এএফএ'র সদর দফতরে অ্যাসোসিয়েশনের বিশেষ কংগ্রেসে উপস্থিত ৪৬ জন ক্লাব পরিচালকের সবাই তাকে ভোট দেন। সে সময় দফতরের বাইরে বেশ কিছু সংখ্যক লোককে বিক্ষোভ করতে দেখা যায়। তারা গ্রোন্দোনাকে অভিহিত করেন একনায়ক হিসেবে।
গ্রোন্দোনা কংগ্রেসে বলেন, "আপনাদের সমর্থন নিয়ে কাজ করে যাওয়ার সৌভাগ্য পেয়ে আমি সত্যিই খুশি।"
'ডন হুলিও' নামে পরিচত গ্রোন্দোনা তার ফুটবল জীবন শুরু করেন ১৯৫৭ সালে আর্সেনাল দি সারান্দির পরিচালক হিসেবে। ১৯৭৫ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তিনি।
গ্রোন্দোনা ভাইয়েরা ক্লাবটি প্রতিষ্ঠা করেন ১৯৫৭ সালে। এখন দলটি খেলছে আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনে।
১৯৭৬ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত দেশের শীর্ষ স্থানীয় ক্লাব ইন্দিপেন্দিয়ান্তের সভাপতি হিসেবে কাজ করেন গ্রোন্দোনা। ছেলে-বেলায় এই দলটির সমর্থক ছিলেন তিনি। তার আর্জেন্টিনার ফুটবলের শীর্ষ পদে যাওয়ার ভিত্তি হিসেবেও কাজ করে এই দলটি।
প্রথমবারের মতো এএফএ প্রধান নির্বাচিত হন তিনি ১৯৭৯ সালে। এর এক বছর আগে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। তার দায়িত্ব পালনকালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা ১৯৮৬ সালে। ১৯৯১ ও ১৯৯৩ সালে জেতে কোপা আমেরিকা, অলিম্পিকে প্রথমবারের মতো সোনা জেতে ২০০৪ সালে এথেন্স গেমসে ও দ্বিতীয়বার জেতে বেইজিং-এ ২০০৮ সালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৪১ ঘ.
bdnews24