ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোমানিয়া চ্যাম্পিয়ন ওতেলুল গালাতির বিপক্ষে মঙ্গলবার দুই গোল করে চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হলেন ওয়েন রুনি।
বুখারেস্টে পেনাল্টি থেকে গোল দুটো করেন তিনি। এর ফলে চ্যাম্পিয়ন্স লিগে তার গোল সংখ্যা দাঁড়ালো ২৬-এ। খেলায় ২-০ গোলে জিতলেও রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডকে।
একই সঙ্গে রুনি টপকে গেলেন তার সাবেক সতীর্থ পল স্কোলেসকে। আর প্রিমিয়ার লিগের প্রতিপক্ষ চেলসির ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ও লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ড রয়েছেন ঠিক তার পেছনেই। স্কোলেস গোল করেছেন ২৪টি, ল্যাম্পার্ড ২০টি ও জেরার্ড ১৯টি।
২০০৪ সালে এভারটন থেকে ম্যান ইউয়ে যোগ দেন রুনি। এবার নিয়ে মোট আট মৌসুম খেলছেন তিনি দলটিতে। ২০০৯-১০ ছিল তার সবচেয়ে সফল মৌসুম। সাত খেলায় পাঁচ গোল করেন তিনি। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নেয় তার দল।
৭১টি গোল করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে গোলদাতাদের শীর্ষে আছেন রাউল। তার ঠিক পেছনেই আছেন রুদ ভ্যান নিস্টলরয়। আর থিয়েরে অঁরিই কেবল পৌঁছাতে পেরেছেন গোলের অর্ধশতকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৩৯ ঘ.
bdnews24