ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান, আয়াক্স আমস্টার্ডাম, বেনফিকা ও সিএসকেএ মস্কো।
আর নাপোলির সঙ্গে ড্র করে প্রথমবারের মতো পয়েন্ট খুইয়েছে বায়ার্ন মিউনিখ।
রোমানিয়ায় অতিথি হয়ে খেলতে গিয়েছিল ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেড। দশজনের দলে পরিণত হওয়ার পরও ওতেলুল গালাতির সঙ্গে তারা ২-০ গোলে জিতেছে ঠিকই। তবে ঘাম ঝরাতে হয়েছে বেশ ভালোভাবেই।
গোল দুটো করেন ওয়েন রুনি পেনাল্টি থেকে। প্রথমটি দেন তিনি ৬৪ মিনিটে। দ্বিতীয়টি অতিরিক্ত সময়ে (৯০ )। প্রথম গোলটির পরপর নেমান্জা ভিদিচকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।
সি গ্র"পে এই প্রথম জয় পেলো দলটি। ফলে তিন খেলা শেষে তারা জায়গা করে নিল পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে, শীর্ষ দল পর্তুগালের বেনফিকার চেয়ে পিছিয়ে আছে দুই পয়েন্ট।
অতিথি হয়ে খেলতে গিয়ে ব্র"নো সিজার ও অস্কার কর্দোজার গোলের সুবাদে ২-০ তে বাসেলকে হারিয়ে এ মৌসুমে অপরাজিত রয়েছে বেনফিকা। আর বাসেলের অন্তবর্তীকালীন কোচ হেইকো ভোগেলকে নিতে হয় প্রথমবারের মতো ঘরের মাঠে হারার তিক্ত স্বাদ।
মাদ্রিদে অলিম্পিক লিওকে ৪-০ গোলে স্রেফ নাকাল করে ছাড়ে রিয়াল। করিম বেনজেমাই ছিলেন তার পুরনো দলের বিপক্ষে জয়ের নায়ক।
খেলার ১৯ মিনিটে প্রথম গোলও করেন বেনজেমা। ৪৭ মিনিটে বল বানিয়ে দেন তিনি সামি খেদিরাকে। ৫৫ মিনিটে মেসুত ওজিলের গোলের প্রচেষ্টাতেও রয়েছে তার অবদান। ওজিলের শট জালে জায়গা খুঁজে নেয় গোলরক্ষক হুগো লরিসের গায়ে লেগে। দলের পক্ষে চতুর্থ গোলটি করেন সার্জিও রামোস ৮১ মিনিটে।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যান সিটির জয়টা মোটেও সহজ ছিল না। ভাগ্য তো সঙ্গে ছিলই, এছাড়া রীতিমতো লড়াই করে ২-১ গোলে জিততে হয়েছে তাদের ভিয়ারিয়ালের সঙ্গে। খেলার চার মিনিটে তো পিছিয়েই পড়েছিল ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের দলটি।
ভিয়ারিয়ালের পক্ষে গোলটি করেন ক্যানি। ৪৩ মিনিটে আত্মঘাতী গোলের ওপর ভর করে খেলায় ফিরে আসে ম্যান সিটি। আর অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় সার্জিও অ্যাগুয়েরো। পাবলো জাবালেতার কাছ থেকে বল পেয়ে আলতো টোকায় তিনি তা পাঠিয়ে দেন জালে।
এই জয়ের ফলে নাপোলির সঙ্গে পয়েন্ট ব্যবধান ১-এ কমিয়ে আনলো ম্যান সিটি। চারবারের চ্যাম্পিয়ন বায়ার্নের সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্র"পের পয়েন্ট তালিকার দ্বিতীয় দল নাপোলি।
নাপোলির মাঠ স্তাদিও সান পাওলোয় খেলার দুই মিনিটেই টনি ক্রস এগিয়ে নেন অতিথিদের। কিন্তু ৩৯ মিনিটে হলগার বাডস্টুবারের আত্মঘাতী গোলে সমতা ফিরে আসে খেলায়। নাপোলির ক্রিস্টিয়ান ম্যাগিওর আড়াআড়িভাবে দেয়া বল 'ক্লিয়ার' করতে গিয়ে নিজেদের জালে ঢুকিয়ে দেন তিনি নিজেই।
খেলার ৩৯ মিনিটে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেননি বায়ার্নের মারিও গোমেজ। এজন্য নাপোলির গোলরক্ষক মর্গান ডি স্যাঙ্কটিসের যতোটা প্রশংসা প্রাপ্য, তার চেয়ে অনেক বেশি দোষ গোমেজের। কেননা তার শটটি ছিল আসলেই দুর্বল।
লিলের সঙ্গে ১-০ গোলে জিতে ইন্টার মিলান বি গ্র"পের শীর্ষে জায়গা করে নিলেও তাদের জয়টা মোটেও নজর কাড়া ছিল না। খেলার ২২ মিনিটে জয়সূচক গোল করেন গিয়ামপাওলো পাজ্জিনি।
এছাড়া ডায়নামো জাগরেবের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আয়াক্স। আর ত্রাবজনস্পরকে ৩-০ গোলে হারায় সিএসকেএ। দলটির পক্ষে দুই গোল দেন আইভরি কোস্টের আক্রমণভাগের খেলোয়াড় সেইডু ডুমবিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৩৭ ঘ.
bdnews24