ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার মাঠে নামবে ইউরোপীয় ক্লাব ফুটবলের চার পরাশক্তি বার্সেলোনা, চেলসি, আর্সেনাল ও এসি মিলান।
বার্সেলোনার শুরুটা তেমন ভালো হয়নি। নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে এসি মিলানের সঙ্গে ২-২ গোলে ড্র করে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। তবে পরের ম্যাচেই বাতে বোরিসভকে ৫-০ গোলে উড়িয়ে দেয় বার্সা।
বুধবার চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লজেনের সঙ্গেও স্বাগতিক বার্সেলোনাকে এগিয়ে রাখতেই হবে। ন্যু ক্যাম্পে সর্বশেষ ১১ ম্যাচে পেপ গার্দিওলার দল অপরাজিত।
যদিও পায়ের পেশিতে টান পড়ায় এই ম্যাচে সেস ফ্যাব্রেগাস ও অ্যালেক্সিস সানচেজকে পাচ্ছেন না বার্সা কোচ গার্দিওলা।
এছাড়া হাঁটুতে অস্ত্রোপচারের কারণে ইব্রাহিম আফেলি এবং স্পেনের লা লিগায় রেসিং সান্তান্দারের বিপক্ষে চোট পাওয়ায় জেরার্ড পিকেও খেলতে পারবেন না।
আগে কখনোই ভিক্টোরিয়া প্লজেনের মুখোমুখি হয়নি বার্সেলোনা। তবে চেক প্রতিপক্ষের সঙ্গে তাদের সাফল্যের হার ভালোই। এখন পর্যন্ত চেক প্রজাতন্ত্রের ক্লাবগুলোর বিপক্ষে দশটি ম্যাচ খেলে ছয়টিতেই জিতেছে বার্সা। হেরেছে তিনটি, অন্যটি ড্র।
'এইচ' গ্র"পের অন্য ম্যাচে ইতালির চ্যাম্পিয়ন এসি মিলানের প্রতিপক্ষ বেলারুশের বাতে বোরিসভ।
বার্সেলোনা ও এসি মিলান দুদলেরই দুই ম্যাচ থেকে সংগ্রহ ৪ পয়েন্ট করে।
'জি' গ্র"পে সাইপ্রাসের অ্যাপোয়েল মুখোমুখি হবে পর্তুগালের পোর্তোর। আর ইউক্রেনের শাখতার দোনেৎস্ক খেলবে রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গের বিপক্ষে।
দুই খেলায় ৪ পয়েন্ট নিয়ে এই গ্র"পে সবার ওপরে আছে অ্যাপোয়েল। পিটার্সবার্গ ও পোর্তোর পয়েন্ট ৩। দোনেৎস্কের ১।
'এফ' গ্র"পে আর্সেনালের প্রতিপক্ষ ফ্রান্সের অলিম্পিক মার্সেই। অন্য ম্যাচে জার্মান চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড খেলবে গ্রিসের অলিম্পিয়াকোসের বিপক্ষে।
দুটো ম্যাচেই জিতে মার্সেইয়ের পয়েন্ট ৬। ৪ পয়েন্ট নিয়ে আর্সেনাল গ্র"পের দ্বিতীয় স্থানে। ডর্টমুন্ড এক পয়েন্ট পেলেও অলিম্পিয়াকোস এখনো পয়েন্টের মুখ দেখেনি।
'ই' গ্র"পে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা চেলসি খেলবে এক পয়েন্ট নিয়ে সবার নিচে থাকা বেলজিয়ামের জেঙ্কের বিপক্ষে। আর জার্মানির বেয়ার লেভারকুসেন মুখোমুখি হবে স্পেনের ভ্যালেন্সিয়ার। দুই ম্যাচ থেকে লেভারকুসেনের পয়েন্ট ৩, আর ভ্যালেন্সিয়ার ২।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৩৩ঘ.
bdnews24