ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তর নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে ভোট দেওয়া, লিগ পিছিয়ে দেওয়া ও ঢাকায় একটি ভেন্যুর দাবি করে ওয়ারী ও ভিক্টোরিয়া ক্লাব। বাফুফে এই দাবিগুলো মানতে না চাওয়ায় ক্লাব দুটো লিগ বর্জনের হুমকি দেয়। সোমবার পেশাদার লিগ কমিটির সভায় দাবিগুলো মেনে নেওয়ায় সব জটিলতার অবসান ঘটে।
তবে দ্বিতীয় স্তর শুরুর সময় কিছু দিন পিছিয়ে দিয়েছে বাফুফে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের পরিবর্তে প্রতিযোগিতা শুরু হবে ডিসেম্বরে।
পিছিয়ে গেছে দলবদলের সময়ও। ২০ থেকে ৩০ অক্টোবরের পরিবর্তে দলবদলের সময় নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ৩০ নভেম্বর।
দ্বিতীয় স্তরে দুবার করে একে অন্যের মুখোমুখি হবে দলগুলো।
পেশাদার লিগ কমিটির সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, "যেহেতু দ্বিতীয় স্তর পেশাদার লিগের অংশ তাই ওয়ারী ও ভিক্টোরিয়াকে বাফুফের নির্বাচনে ভোট দানের অধিকার দেওয়া নিয়ে কোনো সমস্যা নেই। পেশাদার লিগের দলগুলো এমনিতেই এই সুযোগ পেয়ে থাকে। আমরা ক্লাব দুটিকে এ বিষয়ে আশ্বাস দিয়ে চিঠিও দিয়েছি। তারাও মৌখিকভাবে দ্বিতীয় স্তরে অংশ নেওয়ার কথা জানিয়েছে। শিগগিরই বাফুফেকে বিষয়টি নিশ্চিত করে চিঠি দেবে তারা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১৪০ঘ.
bdnews24