ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরো ২০১২ বাছাই পর্বে মন্টেনেগ্রোর মিওদ্রাগ জুদোভিচকে লাথি মেরে লাল কার্ড দেখেছিলেন ইংল্যান্ডের ওয়েইন রুনি। পরে তাকে তিন ম্যাচের জন্য বহিষ্কার করা হয়। অপরাধের তুলনায় উয়েফার এই শাস্তি অতিরিক্ত বলে মন্তব্য করে সেই জুদোভিচই এসে দাঁড়িয়েছেন রুনির পাশে!
ইংল্যান্ড ইউরোর মূল পর্বে উঠে গেলেও সেখানে গ্র"প পর্বের তিন খেলায় দর্শক হয়ে থাকতে হবে রুনিকে। আর গ্র"প পর্বেই যদি ইংল্যান্ড বিদায় নেয় তবে এই আসরে আর মাঠেই নামা হবে না ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকারের। যদিও শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে রুনির।
এ প্রসঙ্গে ইংল্যান্ডের 'ডেইলি মিরর'কে জুদোভিচ বলেন, "রুনি এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলে আমি তার পাশে দাঁড়াবো। আমার মনে হয় শাস্তিটা ন্যায্য হয় নি। ওই মুহূর্তে তিনি হয়তো বুঝতেই পারেননি তিনি কি করছেন। দ্রুতই নিজের ভুল বুঝতে পেরে তিনি আমার কাছে ক্ষমা চেয়ে নেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২০১৩ ঘ.
bdnews24