ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আল-ওয়াসল সভাপতি মারওয়ান বিন হায়াতের সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়ে দিলেন দিয়েগো মারাদোনা। গত শুক্রবার দুবাইয়ের ক্লাবটির খেলোয়াড়দের দায়বদ্ধতা, দলটির আর্থিক অক্ষমতা ও সভাপতিকে নিয়ে মন্তব্য করে আবারো বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি।
রোববার আরব আমিরাতের পেশাদার লিগে জয় পেয়েছে আল-ওয়াসল। শারজাকে ৩-০ গোলে হারানোর পর আল-ওয়াসলের কোচ মারাদোনা বলেন, "সভাপতির সঙ্গে আমার কোনো সমস্যা নেই। আমাদের সম্পর্ক স্বাভাবিকই আছে।"
উরুগুয়ের ফরোয়ার্ড রিচার্ড পোর্তাকে নিয়ে ঝামেলার সূত্রপাত। পোর্তাকে দলে টানতে খুব বেশি অর্থের প্রয়োজন নেই। তারপরও তাকে কিনতে অযথা সময় অপচয়ের অভিযোগে আল-ওয়াসল কর্তৃপক্ষের সমালোচনা করেন মারাদোনা।
ক্লাবের অপেশাদার মনোভাবেরও কড়া সমালোচনা করেন তিনি। আর্জেন্টিনার '৮৬ বিশ্বকাপ জয়ের নায়কের অভিযোগ, দলের অনিয়মিত খেলোয়াড়রা অন্য কাজে একটু বেশিই ব্যস্ত হয়ে পড়ায় ক্লাবকে তেমন সময় দিতে পারছেন না।
সভাপতির অনুমোদনের অভাবে চারজন খেলোয়াড়কে দলে নিতে চেয়েও না পাওয়ার অভিযোগ করেন মারাদোনা।
এমন প্রকাশ্য সমালোচনার জন্যই ধারণা করা হচ্ছিল সভাপতি হায়াতের সঙ্গে গোলমাল হওয়ার কারণেই মারাদোনা ক্ষুব্ধ। কিন্তু ধারণাটাকে একেবারে উড়িয়েই দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/১৯১৫ঘ.
bdnews24