২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরারকে পেছনে ফেললেন মারে

সাংহাই মাস্টার্স ওপেনের শিরোপা জিতেছেন যুক্তরাজ্যের অ্যান্ডি মারে। রোববার ফাইনালে তিনি ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন স্পেনের ডেভিড ফেরারকে। সুবাদে রজার ফেদেরারকে পেছনে ফেলে পুরুষদের টেনিস র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে উঠে গেছেন মারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 11:59 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাংহাই মাস্টার্স ওপেনের শিরোপা জিতেছেন যুক্তরাজ্যের অ্যান্ডি মারে। রোববার ফাইনালে তিনি ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন স্পেনের ডেভিড ফেরারকে। সুবাদে রজার ফেদেরারকে পেছনে ফেলে পুরুষদের টেনিস র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে উঠে গেছেন মারে। এর আগে র‌্যাঙ্কিংয়ে কখনোই ফেদেরারকে পেছনে ফেলতে পারেননি মারে। এ বছর শীর্ষ তিনের মধ্যে থেকে বছর শেষ করাও নিশ্চিত করেছেন তিনি। এই অভিজ্ঞতাও তার আগে কখনো হয়নি। যদিও ২০০৯ সালে কয়েক সপ্তাহের জন্য দুই নম্বরে ছিলেন মারে। অন্যদিকে রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক ফেদেরার ২০০৩ সালের উইম্বলডন শিরোপা (গ্র্যান্ড স্লামে সেটাই তার প্রথম সাফল্য) জয়ের পর এই প্রথম সেরা তিনে নেই। অক্টোবরে এটি মারের তৃতীয় শিরোপা জয়। এর আগে জাপান ও থাইল্যান্ড ওপেন জেতেন তিনি। ফাইনাল শেষে স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে মারে বলেন, "আমি এক নম্বর হতে চেয়েছিলাম। কিন্তু ইউএস ওপেনের পর তা হওয়া সম্ভব হয়নি। এরপর আমি শীর্ষ তিনে থেকে বছর শেষ করতে চেয়েছিলাম। আমি আগে কখনোই তা করতে পারিনি। আমাকে আরো অনেক ম্যাচ জিততে হবে। তবে যেভাবে খেলছি তাতে আমি খুব খুশি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭৫৪ঘ.