ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জার্মান বুন্দেসলিগায় শনিবার জিতেছে বায়ার্ন মিউনিখ, স্টুটগার্ট, এফসি অগসবার্গ, উলফসবার্গ ও কাইজারস্লটার্ন।
বায়ার্ন ৪-০ গোলে হার্থা বার্লিনকে, স্টুটগার্ট ২-০ গোলে হফেনহেইমকে, অগসবার্গ ১-০ গোলে মেইনজকে, উলফসবার্গ ২-১ গোলে এফসি নুরেমবার্গকে ও কাইজারস্লটার্ন ২-১ গোলে শালকে ০৪-কে হারায়।
নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় খেলার শুরুতেই হার্থাকে চেপে ধরে বায়ার্ন। খেলার পাঁচ মিনিটেই মারিও গোমেজের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। সাত মিনিটে ব্যবধান বাড়ান ফ্র্যাঙ্ক রিবেরি। দলের পক্ষে তৃতীয় গোল করেন বাস্টিয়ান শোয়েনস্টাইগার ১৩ মিনিটে। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন গোমেজ।
ঘরের মাঠ মার্সিডিজ-বেঞ্জ অ্যারেনায় খেলার ৪৮ মিনিটে শিনজি ওকাজাকির গোলে অতিথি হফেনহেইমের বিপক্ষে এগিয়ে যায় স্টুটগার্ট। পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন পাভেল পোগরেবনিয়াক।
মেইনজের মাঠ কফেস অ্যারেনায় অতিথি হয়ে খেলতে গিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে এসেছে অগসবার্গ। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন ইঙ্গওয়ের ব্রাকার খেলার ৮৮ মিনিটে।
উলফসবার্গের মাঠে অতিথি হয়ে খেলতে গিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় গড়ে তোলে নুরেমবার্গ। খেলার ২৪ মিনিটে মারিও মান্দজুকিচের গোলে স্বাগতিকরা এগিয়ে গেলেও ৭০ মিনিটে গোল শোধ করেন নুরেমবার্গের ক্রিস্টিয়ান ইগলার।
শেষ পর্যন্ত পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন মান্দজুকিচ।
কাইজারস্লটার্নের পক্ষে গোল দুটো করেন ক্রিস্টিয়ান টিফার্ট ৩০ মিনিটে ও ডোর্গে কুয়েমাহা ৭২ মিনিটে। পেনাল্টি থেকে এক গোল শোধ করেন ক্লাস হান্টেলার।
বায়ার্ন ৯ খেলায় ২২ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষ স্থানে। সমান খেলায় ১৬ পয়েন্ট নিয়ে স্টুটগার্ট আছে চার নম্বরে। এছাড়া অগসবার্গ, উলফসবার্গ ও কাইজারস্লটার্ন রয়েছে তালিকার নিচের দিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৪২ ঘ.
bdnews24