২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসি মিলানের জয়, নাপোলির হার

মাঠে নামার আগে পর্যন্ত কাগজে-কলমে জেতার কথা ছিল নাপোলির। কিন্ত শনিবার মাঠের খেলায় ২-১ গোলে পার্মার কাছে হেরে বসে আছে দলটি। সেই সঙ্গে নষ্ট করেছে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার একটা সুযোগও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 08:51 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাঠে নামার আগে পর্যন্ত কাগজে-কলমে জেতার কথা ছিল নাপোলির। কিন্ত শনিবার মাঠের খেলায় ২-১ গোলে পার্মার কাছে হেরে বসে আছে দলটি। সেই সঙ্গে নষ্ট করেছে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার একটা সুযোগও। দিনের অন্য দুটো খেলায় বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান ৩-০ গোলে জিতেছে পালের্মোর বিপক্ষে। আর ইন্টার মিলান ২-১ গোলে হার মেনেছে কাতানিয়ার কাছে। শক্তির বিচারে পার্মার চেয়ে অনেক এগিয়ে নাপোলি, অন্তত কাগজে-কলমে। কিন্তু ঘরের মাঠ স্তাদিও সান পাওলোয় উপস্থিত ৪৮ হাজার সমর্থককে হতাশ করেছেন নাপোলির খেলোয়াড়রা। তাদের সঙ্গে ভাগ্যের জোরে নয়, ভালো খেলেই জিতেছে পার্মা। দলের পক্ষে জয়সূচক গোল করেন ফ্রান্সেসকো মদেস্তো খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে। এর আগে ৫৮ মিনিটে মাসিমো গোব্বি এগিয়ে নেন দলকে। কিন্তু ৭৬ মিনিটে গোল শোধ করেন নাপোলির গুইসেপ্পে মাসকারা। নিজেদের মাঠ স্তাদিও গুইসেপ্পে মিয়াজ্জায় উপস্থিত ৫৩ হাজার সমর্থক বাড়ি ফিরে গেছেন হাসি মুখে। খেলা শুরু হওয়ার পর একবারের জন্যও বুক কেঁপে ওঠেনি তাদের। খেলার ৪০ মিনিটে তাদের মুখে হাসি ফোটান এন্টোনিও নসেরিনো। ৫৫ মিনিটে তা বাড়িয়ে দেন রবিনহো। পালের্মোর কফিনে শেষ পেরেকটি ঠোকেন এন্টোনিও কাসানো, খেলার ৬৪ মিনিটে। দুর্ভাগ্য পিছু ছাড়ছেই না ইন্টারের। এবার অতিথি হয়ে কাতানিয়ার মাঠ স্তাদিও অ্যাঞ্জেলো মাসিমিনোয় খেলতে গিয়ে হার মানতে হয়েছে তাদের। যদিও খেলার ৬ মিনিটে স্তেবান মাতিয়াস ক্যাম্বিয়াসোর গোলে এগিয়ে গিয়েছিল তারাই। কিন্ত শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। খেলার ৪৭ মিনিটে গোল শোধ করেন কাতানিয়ার সার্জিও বার্নার্দো আলমিরন। আর পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন ফ্রান্সেসকো লোদি। নাপোলি ছয় খেলায় ১০ পয়েন্ট নিয়ে আছে তালিকার তৃতীয় স্থানে। সমান খেলায় পালের্মোর পয়েন্ট ১০ হলেও দলটি আছে পাঁচ নম্বরে। পার্মার পয়েন্ট ৯, এসি মিলানের ৮, ইন্টারের ৪ ও কাতানিয়ার পয়েন্ট ৯। আর পাঁচ খেলায় ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৫১ ঘ.