ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিওনেল মেসির দুই গোলের সুবাদে শনিবার স্পেনের লা লিগায় সহজেই রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। মেসির জাতীয় দলের সতীর্থ গঞ্জালো হিগুয়াইনের হ্যাটট্রিকের সুবাদে রিয়াল বেটিসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।
এই জয়ের ফলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পেছনে ফেলে কিছু সময়ে জন্য লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যায় রিয়াল। কিন্তু দুই অর্ধে দুই গোল করে মেসি আবার বার্সাকে ফিরিয়ে আনেন শীর্ষে। অবশ্য বার্সা ও রিয়ালের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র এক। বার্সার হয়ে অন্য গোলটি করেন জাভি হার্নান্দেজ।
৭ ম্যাচে বার্সার পয়েন্ট ১৭। সমান ম্যাচে ১৬ পয়েন্ট রিয়ালের।
এই দুই গোলের সুবাদে বার্সার রেকর্ড বই নতুন করে লেখালেন মেসি। লাদিসলাও কুবালাকে (১৯৪) পেছনে ফেলে তিনিই এখন ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা (১৯৬)। মেসির সামনে এখন আছেন শুধু সিজার রদ্রিগেজ। তিনি গোল করেছেন ২৩৫টি।
এ মৌসুমে ক্লাবের হয়ে ১২ খেলায় ১৬ গোল করেন মেসি। এর মধ্যে ১০ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন পর্যন্ত শীর্ষে আছেন তিনি। হিগুয়াইন হ্যাটট্রিক করলেও মেসির চেয়ে পিছিয়ে আছেন দুই গোলে।
শনিবারের অন্য ম্যাচগুলোতে ভ্যালেন্সিয়া ও মায়োরকা ১-১ গোলে ড্র করে। গেতাফে ও ভিয়ারিয়াল এবং গ্রানাদা ও আতলেটিকো মাদ্রিদের খেলা শেষ হয় অমীমাংসিতভাবে। গোল হয়নি খেলা দুটোর একটিতেও।
ন্যু ক্যাম্পে খেলার শুরু থেকেই বার্সেলোনা অতিথি রেসিংকে চেপে ধরে। ১২ মিনিটেই দলকে এগিয়ে নেন মেসি। দ্বিতীয় গোলটি করেন তিনি ৬৯ মিনিটে। মাঝখানে ২৮ মিনিটে গোল করেন জাভি।
সান্তিয়াগো বার্নাব্যুতে হিগুয়াইন তার প্রথম গোলটি করেন ৪৬ মিনিটে। ৭০ মিনিটে করেন দ্বিতীয়টি। আর হ্যাটট্রিক পূর্ণ করেন ৭৩ মিনিটে। ৫৯ মিনিটে অন্য গোলটি করেন কাকা। বেটিসের পক্ষে একটি গোল শোধ করেন হোর্হে মলিনা।
এটি ছিল মাত্র ১৪ দিনের ব্যবধানে হিগুয়াইনের তৃতীয় হ্যাটট্রিক। আগের হ্যাটট্রিক দুটোর একটি করেন লা লিগায় এসপানিওলের বিপক্ষে। অন্যটি বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে চিলির বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৩৮ ঘ.
bdnews24