ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েক দিন আগে রবার্তো মানচিনি জানিয়েছিলেন, কার্লোস তেভেজের সঙ্গে ম্যানচেস্টার সিটির সম্পর্ক শেষ হওয়ার পথে। কিন্তু এখন ম্যানসিটির কোচ জানাচ্ছেন, তেভেজের ভবিষ্যত নিয়ে নিশ্চিত নন তিনি।
শনিবার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যানসিটির লড়াই। এই ম্যাচ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তেভেজ সংক্রান্ত প্রশ্ন না করার জন্য অনুরোধ জানানো হয়েছিল। তারপরও তেভেজের ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হলে মানচিনি বলেন, "আমি এ ব্যাপারে কিছু জানি না। অ্যাস্টন ভিলাকে নিয়ে কথা বললেই বরং ভালো হয়।"
অ্যাস্টন ভিলার বিপক্ষে তেভেজের খেলার প্রসঙ্গও এড়িয়ে যান মানচিনি।
গত ২৭ সেপ্টেম্বর বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গ্র"প পর্বের খেলায় তেভেজ বদলি খেলোয়াড় হিসেবে নামতে রাজি হননি বলে অভিযোগ করেছিলেন মানচিনি। কোচের অভিযোগ অস্বীকার করে তেভেজ জানান, ওয়ার্মআপের নির্দেশ দেয়া হয়েছিল তাকে। কিন্তু তার প্রয়োজনীয়তা না থাকায় ওয়ার্মআপ করতে তিনি রাজি হননি।
কোচের নির্দেশ মানতে রাজি না হওয়ার অভিযোগে দুই সপ্তাহের নিষেধাজ্ঞার শাস্তি দেয়া হয় তেভেজকে। শাস্তিশেষে কয়েক দিন আগে দলের অনুশীলনে যোগ দিয়েছেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২০১৯ঘ.
bdnews24