২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের জয়

দুটো প্রস্তুতি ম্যাচেই জয় পেয়েছে জাতীয় ফুটবল দল। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে জাতীয় 'বি' দল ৫-১ গোলে হারিয়েছে অনূর্ধ্ব-১৯ 'বি' দলকে। পরের ম্যাচে জাতীয় 'এ' দল ২-১ গোলে জিতেছে অনূর্ধ্ব-১৯ 'এ' দলের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 03:41 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুটো প্রস্তুতি ম্যাচেই জয় পেয়েছে জাতীয় ফুটবল দল। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে জাতীয় 'বি' দল ৫-১ গোলে হারিয়েছে অনূর্ধ্ব-১৯ 'বি' দলকে। পরের ম্যাচে জাতীয় 'এ' দল ২-১ গোলে জিতেছে অনূর্ধ্ব-১৯ 'এ' দলের বিপক্ষে। প্রথম ম্যাচে ২৮ মিনিটের সময় সোহেলের গোলে এগিয়ে যায় জাতীয় 'বি' দল। তিন মিনিট পর সজীব সমতা ফেরান ম্যাচে। তবে জয়ের জন্য দুর্ভাবনায় পড়তে হয়নি জাতীয় 'বি' দলকে। বিপ্লবের দুটি এবং মোবারক ও জুয়েল রানার একটি করে গোল সহজ জয় এনে দেয় তাদের। জাতীয় 'এ' দল অবশ্য সহজে জিততে পারেনি। ওয়াহিদের গোল প্রথমে এগিয়ে দিয়েছিল অনূর্ধ্ব-১৯ 'এ' দলকে। সুজনের পেনাল্টি গোলে সমতায় ফেরার পর ৬৫ মিনিটে আত্মঘাতী গোল জয় এনে দেয় জাতীয় 'এ' দলকে। ডিসেম্বরে ভারতে অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দল গড়তেই এই প্রস্তুতি ম্যাচগুলোর আয়োজন করা হচ্ছে। পাশাপাশি নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছেন জাতীয় দলের মেসিডোনীয় কোচ নিকোলা ইলিয়েভস্কি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১০৩ঘ.