২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যা চেয়েছিলাম তাই হয়েছে: সাবিনা

লিগে ২৫ গোল করে শেখ জামালকে শিরোপা এনে দেওয়ার পর মেয়েদের ফুটবলের 'দেশ সেরা' স্ট্রাইকার সাবিনা খাতুন জানালেন, জীবনের সেরা মুহূর্তটি পার করছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন তায়িব অনন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 05:09 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

তায়িব অনন্ত ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে তার আবির্ভাব 'ধুমকেতুর' মতো। একের পর এক গোল করে পেয়ে যান 'গোল মেশিন' খেতাব। আর প্রথমবার আয়োজিত মহিলা ফুটবল লিগে ২৫ গোল করে সেই খেতাবকে যেন পূর্ণতা দিলেন সাবিনা। শুক্রবার মহিলা ফুটবল লিগের ফাইনাল জিতে শেখ জামালকে শিরোপা এনে দেওয়ার পর 'দেশ সেরা' স্ট্রাইকার সাবিনা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জীবনের সেরা মুহূর্তগুলো পার করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: দল শিরোপা জিতলো আর নিজে পেলেন সবোর্চ্চ গোলদাতার পুরস্কার। কেমন লাগছে? সাবিনা: এক কথায় দুর্দান্ত। যা চেয়েছিলাম তাই হয়েছে। জীবনের সেরা মুহূর্তগুলোর একটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: এ বছর জাতীয় চ্যাম্পিয়নশিপে সাতক্ষীরার হয়ে ২৮ গোল পেয়েছেন। এবার জামালের হয়ে লিগে করলেন ২৫ গোল। সামনে কতো গোলের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন? সাবিনা: (মুচকি হেসে) ওভাবে আসলে ভাবিনি। এবার ইচ্ছে ছিলো ২০/২৫ গোল করবো। কেমন করে যেন মিলে গেছে। জাতীয় চ্যাম্পিয়শিপে কোনো লক্ষ্য ছিলো না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: ফাইনালে আপনাকে একটু ক্লান্ত মনে হলো। আগের প্রতিটি ম্যাচে গোল পেয়েছেন। ফাইনালে যখন গোল করলেন ততক্ষণে খেলার ৬৫ মিনিট শেষ। স্নায়ুচাপে ভুগছিলেন? সাবিনা: ফাইনাল বলে কথা। চাপ তো থাকবেই। আর দেরিতে গোল পাওয়ার কথা বলছেন? প্রথমার্ধে তো বলই পাইনি। গোল দেবো কিভাবে! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: প্রতিপক্ষ ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান হলেও শক্তিমত্তায় জামাল এগিয়ে ছিলো। তারপরও চাপ? সাবিনা: ফুটবল সবসময়ই চাপের খেলা। প্রতিপক্ষ শক্তিশালী হোক, বা না হোক। আর মোহামেডানের বিপক্ষে খেলছিলাম বলে একটু সমীহও ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হিসেবে পাঁচ হাজার টাকা পেলেন। কি করবেন এই টাকা দিয়ে? সাবিনা: সর্বোচ্চ গোলদাতা হতে পেরেছি দলের অন্য সবার সহযোগিতায়। এই পুরস্কার তাদেরই উৎসর্গ করলাম। টাকা দিয়ে কী করবো এখনো ভাবিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: শেষ প্রশ্ন। ফুটবলে আসার গল্পটা বলুন। সাবিনা: আকবর স্যারের হাত ধরে ২০০৮ সালে ফুটবল খেলা শুরু করি। সে বছরই জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেই। ২০১০ সালে দক্ষিণ এশিয়ান গেমসের জন্য জাতীয় দলের ক্যাম্পে ডাক পাই। ওইটা শুরু বলতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: ভবিষ্যতের জন্য শুভ কামনা রইলো। সাবিনা: আপনাকেও ধন্যবাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/২৩০২ ঘ.