মোহামেডানকে হারিয়ে শিরোপা শেখ জামালের
মহিলা ফুটবল লিগের প্রথম আসরের শিরোপা জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শুক্রবার ফাইনালে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারায় তারা।
ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা ফুটবল লিগের প্রথম আসরের শিরোপা জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শুক্রবার ফাইনালে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারায় তারা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শেখ জামালের হয়ে গোল দুটি করেন ফারহানা খাতুন ও সাবিনা খাতুন।
ফাইনালের আগে চার খেলায় (গ্র"প পর্যায়ে তিন খেলা ও সেমিফাইনাল) প্রতিপক্ষের জালে মোট ৫৯ বার বল জড়ানো শেখ জামাল ফাইনালে মোহামেডানকে একরকম পাত্তাই দেয়নি। বারবার বল আদান-প্রদানের মাধ্যমে মাঝমাঠকে নিজেদের দখলে রেখেছিল ধানমন্ডির দলটি। প্রতিপক্ষ মোহামেডানকে সব বিভাগেই পরাস্ত করেন শেখ জামালের মেয়েরা।
খেলার ২৬ মিনিটে জামালের হয়ে প্রথম গোলটি করেন ফারহানা খাতুন। মোহামেডানের বক্সের বাইরে থেকে নেয়া তার দুর্দান্ত ফ্রি-কিকটি বোকা বানায় মোহামেডানের গোলরক্ষক সাবিনা খাতুনকে।
৪০ মিনিটে নুবাই চিং মারমার শট মোহামেডানের গোলবারে লেগে ফিরে আসে।
প্রথমার্ধে ক্ষুরধার শেখ জামাল দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। সাবিনা খাতুন, তাহমিনা আক্তার ও শারমিন আক্তারের সমন্বয়ে গঠিত আক্রমণভাগ মোহামেডানের রক্ষণকে বেশ কয়েকবার কাঁপিয়ে দেয়।
একদিকে মোহামেডানের 'দেশসেরা' গোলরক্ষক সাবিনা খাতুন এর বিশ্বস্ত হাত, অন্যদিকে শেখ জামালের 'দেশসেরা' স্ট্রাইকার সাবিনা খাতুনের বল নিয়ে বারবার মোহামেডানের রক্ষণে হানা দেয়া; সব মিলিয়ে 'দুই সাবিনা খাতুন' এর লড়াই ছিলো ম্যাচের দ্বিতীয়ার্ধের সবচেয়ে চুম্বক অংশ।
তবে তিনবার সাবিনাকে আটকালেও ৬৫ মিনিটে আর পারেননি মোহামেডান গোলরক্ষক। সাবিনার বাঁ পায়ের আলতো টোকায় বল মোহামেডানের জালে জড়িয়ে যায়। প্রায় একই সঙ্গে নিশ্চিত হয়ে যায় শেখ জামালের শিরোপা প্রাপ্তি।
খেলা শেষে মোহামেডান কোচ পনিরুজ্জামান পনির অভিযোগ করে বলেন, "তাদের (শেখ জামাল) ৭ জন খেলোয়াড়ই পুলভুক্ত। এছাড়া পুতুল, মলি ও শারমিন পুলের তালিকায় না থাকলেও জাতীয় দলে খেলেছেন। তাই আমার মতে আজ আমরা 'জাতীয় দল' এর বিপক্ষেই খেলেছি। এমন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মেয়েরা যেভাবে খেলেছে আমি তাতেই সন্তুষ্ট।"
প্রথম আসরেই বাজিমাত, শিরোপা নিজেদের ঘরে; তারপরও শেখ জামাল কোচ মোশাররফ বাদল বেশ শান্তই ছিলেন। অনুভূতি কেমন জানতে চাইলে বলেন, "আমরা শিরোপা প্রত্যাশী ছিলাম। জানতাম শিরোপা জিতবো এবং তাই হয়েছে। মেয়েদের ধন্যবাদ। তারা আমার সব কথা মনযোগ দিয়ে শুনেছে। আমার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছে।"
চ্যাম্পিয়ন শেখ জামাল ট্রফি ছাড়াও পেয়েছে ৫০ হাজার টাকা। আর ট্রফির সঙ্গে রানার্সআপ মোহামেডান পেয়েছে ৩০ হাজার টাকা।
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন মোহামেডানের সুইনু প্র" মারমা। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান শেখ জামালের সাবিনা খাতুন (২৫ গোল)। ফেয়ার প্লে ট্রফি গেছে দিপালী যুব সংঘের ঘরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২১২৪ ঘ.
