ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুক্তি ভাঙার অভিযোগে কার্লোস তেভেজকে প্রাথমিকভাবে দোষীই মনে করছে তার ক্লাব ম্যানচেস্টার সিটি। এজন্য তাকে রেকর্ড অঙ্কের অর্থ জরিমানা গুনতে হতে পারে। আর ক্লাব এই সিদ্ধান্ত নিলে তাকে চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন তেভেজ।
এদিকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা শেষে তেভেজ অনুশীলনে ফিরেছেন। তবে ক্লাবের প্রথম দলের সঙ্গে নয়, তাকে একাই অনুশীলন করতে দেখা যায় ফিজিওর সঙ্গে।
বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তেভেজকে মূল দলের সঙ্গে অনুশীলন করতে দেয়া হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টির নিষ্পত্তি হতে আরো দু'মাস লাগবে বলে ধারণা করা হচ্ছে।
বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের একটি খেলায় বদলি হিসেবে মাঠে নামতে অস্বীকার করে তেভেজ চুক্তি ভেঙেছেন বলে তার ক্লাব মনে করছে। যদিও তেভেজ বলেই আসছেন যে ভুল বোঝাবুঝির কারণেই এমনটা ঘটেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, তার সুনাম নষ্ট করার জন্য কোচ রবার্তো মানচিনির ক্ষমা চাওয়া উচিত।
ম্যান সিটি পরিস্কার করে দিয়েছে, তেভেজের ব্যাখ্যা তারা মেনে নেয়নি। তাই এ সপ্তাহের আগেই তাকে শুনানীর মুখোমুখি হতে হবে।
এ ব্যাপারে ক্লাব নিশ্চিত যে তাদের কাছে অকাট্য তথ্য-প্রমাণ রয়েছে। এর মধ্যে কোচ ও খেলোয়াড়দের বক্তব্য রয়েছে। এমন কি, খেলা শেষে টেলিভিশনে তেভেজ যে সাক্ষাৎকার দেন, তাতেও তিনি তার মনের কথা বলে ফেলেন ক্লাব দাবি করছে। সাক্ষাৎকারে তেভেজ স্বীকার করেন, "খেলার মতো মনের অবস্থা তার ছিল না।"
এদিকে ক্লাব ২০০৫ সালের দিক-নির্দেশনা অনুযায়ী, তেভেজকে কঠোর শাস্তি দেয়ার ইচ্ছার কথা খেলোয়াড়দের ইউনিয়ন পেশাদার ফুটবলার সমিতিকে জানিয়েছে। এর মধ্যে তেভেজের ছয় সপ্তাহের বেতন কাটার বিষয়টিও আছে।
তেভেজ সপ্তাহে বেতন পান আড়াই লাখ পাউন্ড।
এই অঙ্ক জরিমানা করা হলে এটিই হবে ব্রিটেনের ইতিহাসে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ জারিমানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩০৬ ঘ.
bdnews24