ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে বিদেশী খেলোয়াড়ের কোটা চার জনই বহাল রেখেছে পেশাদার লিগ কমিটি। বৃহস্পতিবার কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
তবে ফেডারেশনের নির্বাহী কমিটি চাইলে এই কোটা বাড়াতেও পারে বলে মত দিয়েছে লিগ কমিটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন এই তথ্য।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বিদেশী খেলোয়াড়ের কোটা বাড়ানো উচিত বলে কয়েক দিন আগে মন্তব্য করেছিলেন। তাই ধারণা করা হচ্ছিল, পেশাদার লিগ কমিটি বৃহস্পতিবারের সভায় বিদেশী খেলোয়াড়ের কোটা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু লিগ কমিটি আগের সিদ্ধান্তই বহাল রেখেছে।
বাফুফে সভাপতি এর আগে বলেছিলেন, "একটি ক্লাব চারজন বিদেশী খেলোয়াড় মাঠে নামাতে পারে। তবে নিবন্ধনের কোটা বাড়ানো উচিত। কারণ একজন খেলোয়াড় যে কোনো সময় চোট পেতে পারেন। তখন তো ঐ ক্লাব সমস্যায় পড়তে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২১৮ঘ.
bdnews24