ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসরের কোনো চিন্তাই নেই স্যার অ্যালেক্স ফার্গুসনের মনে। বরং ক্লাবকে আরো সাফল্য এনে দেয়াই ম্যানচেস্টার ইউনাইটেড কোচের লক্ষ্য।
২০০২ সালে কোচের পদ ছেড়ে দেবেন বলে ঠিক করেছিলেন ফার্গুসন। কিন্তু পরে সিদ্ধান্তটা পাল্টে ম্যান ইউ'র সঙ্গেই কাটিয়ে দিলেন আরো ৯ বছর। গত মৌসুমে তার হাত ধরেই ম্যান ইউ জিতে নেয় রেকর্ড ১৯তম লিগ শিরোপা।
শরীর যতদিন চাইবে ততদিন কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা ফার্গুসনের। তিনি বলেন, "এই মুহূর্তে অবসর নিয়ে ভাবছি না। আমার দলটা বেশ তরুণ। দলের ভবিষ্যতও ভালো। আমার শরীর ভালো যাচ্ছে এখন। তাই অ্যালেক্স ফার্গুসনকে নিয়ে দুশ্চিন্তা না করে ম্যান ইউ'র কোচ হিসেবে আরো সামনে এগিয়ে যেতে চাই।"
ম্যান ইউ'র কোচ হিসেবে এ বছর রজত জয়ন্তী পালন করলেন ফার্গুসন। তার দাবী, তরুণ খেলোয়াড়দের নিয়ে কাজ করায় ফুটবলের প্রতি ভালোবাসা দিন-দিন বেড়েই চলেছে।
৬৯ বছর বয়সী ফার্গুসন বলেন, "মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে কাজ করা, তাদের শেখানো Ñ সব মিলিয়ে দারুণ একটা সময় পার করছি। ফুটবলের পরিবর্তন হচ্ছে। আমাকেও তাই নিজেকে পাল্টে ফেলতে হচ্ছে প্রতিনিয়ত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২২০৩ঘ.
bdnews24