ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের কোচ হিসেবে শফিকুল ইসলাম মানিক থাকছেন কি না, তা নিয়ে ক্লাবের নব নির্বাচিত পরিচালনা পর্ষদ সিদ্ধান্তহীনতায় ভুগছে। আগামী মৌসুমে মানিককেই কোচের দায়িত্ব দেয়া-না দেয়া নিয়ে অনিশ্চয়তার দোলাচলে ঐতিহ্যবাহী ক্লাবটি।
মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া এ প্রসঙ্গে বলেন, "মানিক এখনও আমাদের ক্লাবের কোচ। তবে পরবর্তী মৌসুমের জন্য তাকে দায়িত্ব দেয়া হবে কি না সে ব্যাপারে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। বোর্ডের পরবর্তী সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।"
মানিক নিজেও বিষয়টা নিয়ে বিব্রত। তিনি বলেন, "আমি তো জানি এখনও আমিই মোহামেডানের কোচ। আগের কমিটি আমাকে দল গড়তে বলেছিল। সেই অনুযায়ী কাজ করেছি আমি। এখন নতুন কমিটি এসেছে। তারা কি করবে আমি তা জানি না। তারা এখনও আমার সঙ্গে কোনো কথা বলেনি। বল এখন তাদেরই কোর্টে।"
"আমি অবশ্য বাইরে থেকে অনেক কথাই শুনেছি। তবে সেগুলো সবই আমার কাছে উড়ো খবর বলে মনে হয়েছে। কারণ ক্লাব থেকে আমাকে সরাসরি কিছু বলা হয়নি, " যোগ করেন মানিক।
মোহামেডানের সঙ্গে মানিকের দূরত্ব তৈরি হওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে ফুটবলাঙ্গনে। এ প্রসঙ্গে মানিক বলেন, "আমার তরফ থেকে এখনও কোন দুরত্ব তৈরি হয়নি। আমি এখনও নিয়মিত ক্লাবে যাই, খোঁজ খবর নেই।"
"তবে ক্লাব কর্মকর্তাদের চিন্তা-ভাবনা সম্পর্কে আমি কিছু জানি না। যদি আমাকে দিয়ে ক্লাবের ভালো কিছু না হয় তাহলে বাদ দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আমার কিছুই করার থাকবে না, " জানান জাতীয় দলের এই সাবেক কোচ।
শোনা যাচ্ছে অন্য ক্লাব থেকেও প্রস্তাব পাচ্ছেন মানিক। তবে আপাতত এ বিষয়ে কিছু ভাবছেন না। তিনি বলেন "মোহামেডান থেকে আমাকে পরিষ্কার করে কিছু বলা হয়নি। তাই অন্য ক্লাবের প্রস্তাব নিয়ে ভাবার কোনো অবকাশ নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩৪ঘ.
bdnews24