ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুক্তি না মেনে চলার অভিযোগে কার্লোস তেভেজকে ম্যানচেস্টার সিটিতে শুনানির মুখোমুখি হতে হবে। চ্যাম্পিয়ন্স লিগের একটি খেলায় বদলি হিসেবে মাঠে নামতে অস্বীকার করায় তার বিরুদ্ধে চুক্তি ভঙের অভিযোগ আনা হয়।
ক্লাবের এক বিবৃতিতে বুধবার বলা হয়, এরই মধ্যে ক্লাবের পক্ষ থেকে তেভেজকে জানানো হয়েছে যে শৃঙ্খলা ভঙের জন্য তাকে শুনানির মুখোমুখি হতে হবে। শিগগিরই শুনানির আয়োজন করা হবে বলে বিবৃতিতে বলা হয়।
ম্যান সিটি কোচ রবার্তো মানচিনি এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, ক্লাবে তেভেজের ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। গত মাসে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে অস্বীকার করেন তেভেজ। খেলায় ম্যান সিটি হার মানে ২-০ গোলে।
পরে তেভেজ এক বিবৃতিতে বলেন, ভুল বোঝাবুঝির কারণে তার মাঠে নামা হয়ে ওঠেনি। যদিও খেলতে চেয়েছিলেন তিনি। একই সঙ্গে ক্লাবের সমর্থকদের কাছে ক্ষমাও চান।
আর্জেন্টিনার আক্রমণভাগের এই খেলোয়াড়কে প্রথমে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়।
এরই মধ্যে বৃহস্পতিবার ক্লাবের প্রশিক্ষণে যোগ দিতে বলা হয়েছে তেভেজকে। যদিও নিষেধাজ্ঞার মেয়াদ আরো বাড়তে পারে।
২৭ বছর বয়সী তেভেজের নেতৃত্বে গত মৌসুমে এফএ কাপ জেতে ম্যান সিটি। ১৯৭৬ সালের পর এই প্রথম বড় কোনো প্রতিযোগিতার শিরোপা জেতে ক্লাবটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৪০ ঘ.
bdnews24