ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পর্তূগালকে অনিশ্চয়তায় ফেলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ডেনমার্ক। আর ফ্রান্স, গ্রিস, রাশিয়া ও সুইডেন অনুসরণ করেছে ডেনমার্কের পথ।
কোপেনহেগেনে ডেনমার্কের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় আগামী মাসে প্লে-অফ খেলতে হবে ক্রিস্টিয়ানো রোনালদো ও তার দলের খেলোয়াড়দের। ডেনমার্কের পক্ষে গোল দু'টো করেন মাইকেল ক্রন-ডেহলি ও নিকোলাস বেন্ডটনার। খেলার শেষ মুহূর্তে ফ্রি-কিক থেকে একটি গোল শোধ করেন রোনালদো। কিন্তু পর্তূগালের জন্য এই গোলটি পর্যাপ্ত ছিল না, আরো গোলের দরকার ছিল দলটির।
পর্তূগাল ছাড়াও প্লে-অফ খেলতে হবে তুরস্ক, আয়ারল্যান্ড, এস্তোনিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্রকে।
বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ৩-১ গোলে স্কটল্যান্ডকে ও জার্মানি ৩-১ গোলে বেলজিয়ামকে হারিয়ে গ্র"প পর্ব শেষ করলো শীর্ষে থেকে। স্টকহোমে সুইডেনের কাছে ৩-২ গোলে হেরে যাওয়ায় সব খেলায় জিতে গ্র"প পর্ব শেষ করতে পারলো না নেদারল্যান্ডস।
গ্র"পের শীর্ষ দল হিসেবে এরই মধ্যে মূল পর্বে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড ও ইতালি। ডি গ্র"পের শীর্ষ স্থান নিশ্চিত করার জন্য বসনিয়ার সঙ্গে অন্তত ড্র করা দরকার ছিল ফ্রান্সের। কিন্তু দয়েকোর গোলে এগিয়ে যায় বসনিয়া খেলার ৪০ মিনিটে। পেনাল্টি থেকে গোল শোধ করে ১ পয়েন্ট উদ্ধার করেন সামির নাসরি। বসনিয়ার এমির স্পানিচকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
খেলার ১৮ মিনিটে জর্জিয়ার দাভিদ তারগামাদজের গোলে পিছিয়ে পড়ে গ্রিস। কিন্তু শেষ পর্যন্ত জিওর্গোস ফোতাকিস ও অ্যাঞ্জেলোস চারিস্তিয়াসের গোল জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
এর অর্থ লাটভিয়ার বিপক্ষে ক্রোয়েশিয়ার ২-০ গোলের জয় কোনো কাজে আসলো না।
যেমনটা ভাবা হয়েছিল, ঠিক তেমনটাই ঘটেছে মস্কোয়। রাশিয়া ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যান্দোরাকে। এছাড়া ১৯২৪ সালের পর প্রথমবারের মতো নেদারল্যান্ডসকে হারিয়েছে সুইডেন। সেই সঙ্গে জায়গা করে নিয়েছে প্রতিযোগিতার মূল পর্বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩১৯ ঘ.
bdnews24