ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর সার্বিয়ার রক্ষণভাগের খেলোয়াড় নেমানজা ভিদিচ ও মাঝমাঠের খেলোয়াড় দেয়ান স্তানকোভিচ জাতীয় দল থেকে অবসর নেয়ার আভাস দিয়েছেন।
স্লোভেনিয়ার কাছে ১-০ গোলে হার মানায় প্লে-অফ খেলারও সুযোগ পাচ্ছে না ভিদিচের দল। বরং প্লে-অফ খেলার সুযোগ পেয়েছে এস্তোনিয়া। আর সি গ্র"প থেকে শীর্ষ দল হিসেবে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইতালি। খেলায় পেনাল্টি থেকে গোল করতে পারেননি ভিদিচ।
২৯ বছর বয়সী ভিদিচ বলেন, পরিবর্তনের সময় এসেছে। সার্বিয়ার জার্সি না পড়ারও সময় এসেছে কয়েকজন পুরনো খেলোয়াড়ের।
আর ৩৩ বছর বয়সী স্তানকোভিচ বলেন, "আমি অনেক ম্যাচ খেলেছি। এখন ইন্টার মিলানে আমার খেলার উপর নজর দেয়ার সময় এসেছে।
স্লোভেনিয়ার বিপক্ষে স্তানকোভিচ তার ফুটবল জীবনের ১০২ তম ম্যাচ খেলেন। দেশের হয়ে রেকর্ড ১০২টি ম্যাচ খেলেন সাভো মিলোসেভিচও।
ভিদিচ খেলেছেন ৫৬ ম্যাচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪০৬ ঘ.
bdnews24