২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনাকে হারিয়ে ভেনিজুয়েলার চমক

ফুটবল দুনিয়াকে চমকে দিয়েছে ভেনিজুয়েলা। মঙ্গলবার বিশ্বকাপ ফুটবলের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে আর্জেন্টিনাকে হারিয়েছে ১-০ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 04:55 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - ফুটবল দুনিয়াকে চমকে দিয়েছে ভেনিজুয়েলা। মঙ্গলবার বিশ্বকাপ ফুটবলের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে আর্জেন্টিনাকে হারিয়েছে ১-০ গোলে। দিনের অন্যান্য খেলায় কলম্বিয়া ২-১ গোলে বলিভিয়াকে ও চিলি ৪-২ গোলে পেরুকে হারায়। এছাড়া প্যারাগুয়ে ও উরুগুয়ের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। ঘরের মাঠে খেলার ৬১ মিনিটে ভাসানো কর্নার কিক মাথা দিয়ে আর্জেন্টিনার গোলরক্ষক মারিয়ানো আন্দুজারের নাগালের ঠিক বাইরে দিয়ে জালে পাঠিয়ে দেন ভেনিজুয়েলার ফার্নান্দো অ্যামোরবিয়েতা। এই প্রথম আর্জেন্টিনার বিপক্ষে জয়ের মুখ দেখলো ভেনিজুয়েলা। দ্বিতীয়ার্ধে সুন্দর ফুটবল খেলেই জয়ে তুলে নেয় ভেনিজুয়েলা। মূলত প্রথম থেকেই আর্জেন্টিনার এলোমেলো রক্ষণ-দূর্গ ভেদ করে তারা বেশ কয়েকবার। যদিও জিতেছে এক গোলে। এ জন্য অবশ্যই প্রশংসা করতে হয় আন্দুজারের। দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি আর্জেন্টিনার গোলমুখে। খেলার ১৬ মিনিটে তো গোল প্রায় খেয়েই ফেলেছিল আর্জেন্টিনা। শট নিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু একজন খেলোয়াড়ের গায়ে লেগে বল প্রায় গোল-লাইন অতিক্রম করেই ফেলেছিল। কিন্তু আন্দুজারের কারণে হাসতে পারেনি ভেনিজুয়েলা। খেলার ৪২ মিনিটেও আরেকবার দলকে রক্ষা করেন গোলরক্ষক। ভেনিজুয়েলার আক্রমণভাগের খেলোয়াড় হুয়ান আরাঙ্গোর প্রচণ্ড শট ঠেকিয়ে দেন আন্দুজার। এর আগে ভেনিজুয়েলা শুরুতে অত্যন্ত রক্ষণাত্মক ফুটবল খেলে। ফলে আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড়রা খুব একটা সুবিধা করে উঠতে পারছিলেন না। তারপরও প্রথম দশ মিনিটের মধ্যে ভেনিজুয়েলার গোলরক্ষক রেনি ভেগার বেশ কয়েকবার পরীক্ষা নেন গঞ্জালো হিগুয়েন, লিওনেল মেসি ও পাবলো জাবালেতা। খেলার ১৮ মিনিটে আবারো ভেগার পরীক্ষা নেন মেসি। তার প্রচণ্ড শট ধরে রাখার সামর্থ্য ভেগার ছিল না। তাই কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন তিনি। এই সময় পর্যন্ত পাল্টা-আক্রমণের উপর নির্ভর করছিল স্বাগতিকরা। কিন্তু সময় গড়ানোর সঙ্গে ভেনিজুয়েলার খেলায় ছন্দ ফিরে আসে। খেলা শেষে ভেনিজুয়েলার কোচ সিজার ফ্যারিয়াস বলেন, "ভাগ্য আমাদের জেতায়নি। খেলেই জিতেছি। এই জয় আমাদের প্রাপ্য।" ধীরে ধীরে ভেনিজুয়েলার খেলায় ছন্দ ফিরে আসার কথা স্বীকার করেন আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাবেইয়াও। তিনি বলেন, "প্রথম আধঘণ্টা আমার দল ভালো খেলেছে। এই সময়ের মধ্যে গোল করার বেশ কয়েকটি সুযোগও পেয়েছি।" "এরপর থেকে ভেনিজুয়েলা চমৎকার ফুটবল খেলতে থাকে। বিশেষ করে, প্রথমার্ধের শেষ দশ মিনিটের কথা বলতেই হবে। আর দ্বিতীয়ার্ধে তারা আমাদের চেয়ে ভালো খেলেছে," স্বীকার করেন তিনি। আর্জেন্টিনা নিজেদের প্রথম খেলায় গঞ্জালো হিগুয়েনের হ্যাট্রিকের ওপর ভর করে ৪-১ গোলে হারায় চিলিকে। অন্য গোলটি করেন মেসি। ২০০৯ সালের মার্চের পর জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক খেলায় এটি ছিল তার প্রথম গোল। এর আগে ১৯ বার খেলে দল দু'টো। সবগুলোতেই জিতেছে আর্জেন্টিনা। ১৯৭৫ সালের কোপা আমেরিকায় তো জেতে ১১-০ গোলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৫০ ঘ.