ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিয়েগো মারাদোনাকে নিয়ে এলেও এখনো পর্যন্ত প্রত্যাশিত সাফল্য পায়নি আল-ওয়াসল। বরং বেশ কয়েকটি ম্যাচে হেরে যাওয়ায় সমর্থকরা তাদের ওপরে ভীষণ ক্ষুব্ধ। তবু কোচ ম্যারাডোনার ওপরেই ভরসা রাখছে দুবাইয়ের ক্লাবটি।
মারাদোনা যোগ দেয়ার পর প্রথম তিন ম্যাচেই হেরে যায় আল-ওয়াসল। এরপর টানা দুই ম্যাচ জিতলেও গত শনিবার ইতিসালাত কাপে দুবাই ক্লাবের কাছে ৫-০ গোলে হেরে গেছে তারা। এই ম্যাচে তারা সবগুলো গোল খেয়েছে শেষ ১৯ মিনিটে।
তবু আল-ওয়াসল ক্লাব কর্তৃপক্ষ মারাদোনার পাশেই আছে। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে তারা জানিয়েছে, ''(দুবাই ক্লাবের বিপক্ষে) শুধু একটা ম্যাচই ছিলো সেটা। মৌসুম মাত্রই শুরু হয়েছে। আর প্রধান কোচের (মারাদোনা) ওপরে আমাদের যথেষ্ট আস্থাও আছে। লিগের শিরোপা দৌড়ে ভালোভাবে থাকার মতো একটি শক্তিশালী দল গড়ার চেষ্টা করছেন তিনি।"
শনিবার হেরে যাওয়ার পর অবশ্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিলেন মারাদোনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২৩০৯ঘ.
bdnews24