ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম মহিলা ফুটবল লিগে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে তারা ১৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে।
শারমিন আক্তার রুপা ও সাবিনা খাতুনের ডাবল হ্যাটট্রিকের ওপর ভর করে শেখ জামাল এই বড় জয় ঘরে তোলে।
খেলার ১১ মিনিটে রুপার গোলে এগিয়ে যায় শেখ জামাল। ২ মিনিট পর তিনিই দলের ব্যবধান দ্বিগুন করেন। পরে ৪২, ৫০, ৬০ ও ৭৩ মিনিটে আরও চারটি গোল করে ব্যক্তিগত ডবল হ্যাটট্রিক পূর্ণ করেন রুপা।
কম যাননি সাবিনা খাতুনও। তিনিও সতীর্থ রুপার সঙ্গে পাল্লা দিয়ে গোল করেন। ম্যাচের ১৯, ৫৩, ৬৮, ৭৫, ৭৯ ও ৮১ মিনিটে ছয়টি গোল করেন তিনি। লিগে এখন পর্যন্ত সাবিনার মোট গোল ২৪ টি।
নুবাই চিং মারমা করেন জোড়া গোল। ৩৪ ও ৫৭ মিনিটে তিনি গোল দুইটি করেন। আর একটি করে গোল করেন মিরনা ও অম্র চিং মারমা। মিরনা ২৯ মিনিটে ও অম্র ৪৮ মিনিটে লক্ষ্যভেদ করেন।
ফাইনালে শেখ জামাল মুখোমুখি হবে বুধবারের সেমিফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও দিপালী যুব সংঘের মধ্যকার ম্যাচে জয়ী দলের সঙ্গে।
১৪ অক্টোবর হবে লিগের ফাইনাল খেলা।
ম্যাচে বড় জয় পেয়ে শেখ জামাল কোচ মোশারাফ উচ্ছ্বসিত। তিনি বলেন, "খেলোয়াড়দের চেষ্টার ফসল এই জয়। তারা পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে, তাই গোল পেতে খুব একটা বেগ পেতে হয়নি। তাছাড়া প্রতিপক্ষের রক্ষণভাগও ছিল দুর্বল।"
ফারাশগঞ্জের কোচ এমদাদুল হক অবশ্য এই হারের জন্য খেলোয়াড়দের দায়ী করেননি। বরং তিনি দুষেছেন বাফুফে কর্মকর্তাদের। এ সম্পর্কে তিনি বলেন, "একটি ক্লাব তাদের স্বার্থে জাতীয় দলের অনেক খেলোয়াড়কে পুলের বাইরে রেখেছেন। পরবর্তীতে তাদের নিজেদের দলে ভিড়িয়েছেন। এমন অনৈতিকভাবে দল গঠন করে তারা বড় জয় তুলে নিয়েছেন। যা বাফুফে মেনেও নিয়েছে।"
"এমন দলের সঙ্গে পেরে ওঠা সত্যিই কঠিন। কারণ দলটির বেশিরভাগ খেলোয়াড়ই জাতীয় দলের সাবেক ও বর্তমান, " যোগ করেন ফরাশগঞ্জ কোচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২১১১ ঘ.
bdnews24