২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব দলকে নিয়ে আশাবাদী ইলিয়েভস্কি

ঢাকায় অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাই পর্বে সবগুলো ম্যাচেই জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের কোচ নিকোলা ইলিয়েভস্কি। সৌদি আরব, ইরাক ও ওমানের মতো শক্তিশালী দলগুলোকে বাংলাদেশ হারাতে পারবে বলেই তার বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 05:00 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকায় অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাই পর্বে সবগুলো ম্যাচেই জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের কোচ নিকোলা ইলিয়েভস্কি। সৌদি আরব, ইরাক ও ওমানের মতো শক্তিশালী দলগুলোকে বাংলাদেশ হারাতে পারবে বলেই তার বিশ্বাস। ২৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার খেলাগুলো হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে জাতীয় দলের কোচ ইলিয়েভস্কির অধীনে কয়েক দিন ধরে বিকেএসপিতে অনুশীলন করছে বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ দল। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-২২ দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে তারা। দুটি ম্যাচেই অনূর্ধ্ব -১৯ দল জিতেছে। অনূর্ধ্ব -১৯ 'বি' দল প্রথম ম্যাচে ৩-২ গোলে হারিয়েছে অনূর্ধ্ব-২২ 'বি' দলকে। পরের ম্যাচে অনূর্ধ্ব-১৯ 'এ' দল ৩-০ গোলে জিতেছে অনূর্ধ্ব-২২ 'এ' দলের বিপক্ষে। এই সাফল্যের কারণে অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের প্রতি ইলিয়েভস্কির আস্থা অনেকখানি বেড়ে গেছে। তিনি বলেন, "খেলোয়াড়দের খেলায় আমি খুবই সন্তুষ্ট। তাদের বল নিয়ন্ত্রণ অসাধারণ। তাছাড়া ভালো করার ব্যাপারে তারা দারুণ আত্মবিশ্বাসীও। প্রতিযোগিতায় ভালো খেলতে যা তাদের দারুণ সাহায্য করবে।" ২৫ আক্টোবর বাংলাদেশ প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে। ২৭ অক্টোবর ইরাক, ৩০ অক্টোবর সৌদি আরব ও ৪ নভেম্বর ওমানের সঙ্গে স্বাগতিকদের লড়াই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২৫৬ঘ