ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিতর্কটাকে আরো একবার উস্কে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলের নিয়মিত দর্শকরা তার খেলা পছন্দ করেন বলে দাবী করলেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড।
গত মাসে সাইপ্রাসের বিপক্ষে পর্তুগালের ইউরো-২০১২ বাছাইপর্বের খেলা চলার সময় 'মেসি', 'মেসি' বলে চিৎকার করেন কয়েক জন দর্শক।
'বর্তমান প্রজন্মের সেরা ফুটবলার কে?' এই প্রশ্নে ফুটবল-বিশ্ব দুইভাগে বিভক্ত। এ নিয়ে মেসি-রোনালদোর মধ্যেও একটা অদৃশ্য লড়াই চলছে। মেসির ভক্ত ঐ দর্শকরা রোনালদোকে খোঁচা দেয়ার সুযোগটা তাই হাতছাড়া করেনি।
এ প্রসঙ্গে স্পেনের ক্রীড়াদৈনিক 'এএস'কে রোনালদো বলেন, "ওই ব্যাপারটা স্বাভাবিক ছিলো না। অবশ্য আমি এসব নিয়ে ভাবিও না।"
"আমার কাছে মনে হয় ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখে ফুটবলমোদীদের মুখে হাসি ফোটে," যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১৪৯ঘ.
bdnews24