ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম দক্ষিণ এশীয় বিচ গেমস ফুটবলের শিরোপা জিতেছে বাংলাদেশ। সোমবার অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা। গেমসে এটাই বাংলাদেশের প্রথম সোনা।
শ্রীলঙ্কার হাম্বানটোটায় নির্ধারিত সময়ে খেলা ৯-৯ গোলে অমীমাংসিত ছিলো । অতিরিক্ত সময়ে কোনো দল গোলের দেখা পায়নি। এরপর টাইব্রেকারে বাংলাদেশ জেতে ১-০ গোলে।
আব্দুল বাতেন কোমল বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করেন। খেলার প্রথম মিনিটেই কোমলের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পরে ৩ ও ৫ মিনিটে আরো দুটি গোল করেন তিনি।
এনামুল হক ও তৌহিদুল আলম করেন দুটি করে গোল। বাংলাদেশের অন্য গোল দুটি আরিফুল ইসলাম ও মোহাম্মদ রবিনের।
টাইব্রেকারে বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন তৌহিদুল আলম।
এর আগে গ্র"প পর্বে শ্রীলঙ্কার কাছেই ১২-৪ গোলে হেরে গিয়েছিলো বাংলাদেশ। আর মালদ্বীপকে ৮-৩ ও নেপালকে ৫-১ গোলে হারিয়েছিলো।
ফুটবলে সাফল্য পেলেও সাঁতারে বাংলাদেশ চরম ব্যর্থ। দূরপাল্লার সাঁতারে পলাশ পঞ্চম হয়েছেন। আর মহিলা কাবাডিতে শ্রীলঙ্কার কাছে ৪৮-৪০ পয়েন্টে হেরে গেছে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/এএআর/২১৫৮ঘ.
.
bdnews24