২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলের স্পনসরের খোঁজে সালাউদ্দিন

জাতীয় ফুটবল দলের জন্য স্পনসরের খোঁজ করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ফুটবল দলের জন্য স্পনসরের খোঁজ করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। রোববার বাফুফে ভবনে নিজ কার্যালয়ে তিনি বলেন, "জাতীয় দলের পেছনে বছরে ২/৩ কোটি টাকা খরচ হয় আমাদের। এই খাতে ফেডারেশনের ফান্ড থেকে বড় অংকের অর্থ চলে যায়। তাই জাতীয় দলের জন্য স্পনসর খুঁজে বের করা খুব জরুরী।" জাপান-বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে রোববার কথাও হয়েছে বাফুফে সভাপতির। এ প্রসঙ্গে তিনি বলেন, "তাদের সঙ্গে কথাবার্তা চলছে। অবশ্য এখনো কিছুই চূড়ান্ত হয়নি। তবে একটা স্পনসর আমাদের ভীষণ প্রয়োজন।" "এখন সারা বছরই জাতীয় দলের কোনো না কোনো কার্যক্রম থাকে। এর জন্য প্রয়োজন অঢেল টাকার। আর টাকা ব্যয় করা সম্ভব না হলে প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে। যার খারাপ প্রভাব খেলাতেও পড়বেই, " যোগ করেন সালাউদ্দিন। জাপান-বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন এরই মধ্যে বাফুফেকে এক কোটি টাকা মূল্যের প্রায় আড়াই শ' জোড়া বুট দিয়েছে। অনূর্ধ্ব-১৯ দলের জন্য এই বুটগুলো ব্যবহার করা হবে বলে জানিয়েছেন সালাউদ্দিন। এদিকে ডিসেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য জাতীয় দলকে রাশিয়া পাঠানোর পরিকল্পনা রয়েছে বাফুফের। এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, "বিষয়টা প্রক্রিয়াধীন। রাশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে এ ব্যাপারে চিঠি দেয়া-নেয়া চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩৪ঘ.