ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কার হাম্বানটোটায় অনুষ্ঠানরত দক্ষিণ এশীয় বিচ গেমস ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ। রোববার শ্রীলঙ্কার কাছে ১২-৪ গোলের বড় ব্যবধানে হারলেও নেপালকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করেছে।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কাই। সোমবার বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।
নেপালের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটেই আরিফুল ইসলামের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন হেদায়েতুল্লাহ রবিন। এরপর এনামুল হক, আরিফুল ও আব্দুল বাতেন কোমলের লক্ষ্যভেদ সহজ জয় এনে দেয় বাংলাদেশকে।
তবে আগের ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারেনি। স্বাগতিকদের বিশাল জয়ে সবচেয়ে বড় অবদান ৫ গোল করা আরসেলার।
বাংলাদেশের পক্ষে দুটো গোল করেন আব্দুল বাতেন কোমল। একটি করে গোল এনামুল ও সবুজের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯১৩ঘ.
bdnews24