ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দশজনের কোস্টারিকার বিপক্ষে প্রীতি খেলায় ব্রাজিল ১-০ গোলে জিতেছে ঠিকই, তবে ঘাম ঝরাতে হয়েছে বেশ ভালোভাবেই।
সান জোসে স্টেডিয়ামে স্বাগতিক কোস্টারিকার শুরুটা ছিল চমৎকার। খেলার দুই মিনিটেই গোলের সুন্দর একটা সুযোগ তৈরি করে তারা। যদিও তা কাজে লাগাতে পারেনি। ঠিক অতিথিদের গোলমুখে আড়াআড়িভাবে বল ফেলেন হেইনার মোরা। কিন্তু বলটি ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি আক্রমণভাগের খেলোয়াড় উইন্সটন পার্ক।
এক মিনিট পর দর্শকদের চোখ ঘুরে যায় উল্টো দিকের গোলমুখে। ফ্রেডকে ছুটে আসতে দেখে নেইমার বল ঠেলে দেন প্রতিপক্ষের গোলপোস্ট বরাবর। বল নিয়ন্ত্রণে নিয়েই প্রচণ্ড শট নেন ফ্রেড। কিন্তু বল চলে যায় বারের উপর দিয়ে।
পরের ১৫ মিনিট নিঃসন্দেহে অনেক ভালো খেলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চোখ ঝলসানো পায়ের কাজ দেখান নেইমার ও রোনালদিনহো। কিন্তু গোলের খেলা ফুটবলে গোলের দেখা মেলেনি। গোলপোস্ট লক্ষ্য করে কয়েকটি শট নিলেও বল চলে যায় অনেক বাইরে দিয়ে।
এই সময়ের মধ্যে পাল্টা-আক্রমণ চালিয়ে কোস্টারিকাও কয়েকটি শট নেয় প্রতিপক্ষের গোলপোস্টে। কিন্তু ফলাফল একই।
খেলার ৩০ মিনিটের দিকে স্বাগতিক দলের সমর্থকরা 'গোল' বলে চিৎকার করে উঠে দাঁড়িয়েছিলেন। কিন্তু ২০ গজ দূর থেকে মোরার শট জুলিও সিজারের ডান পোস্টের ঠিক বাইরে দিয়ে চলে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করার সুযোগ পায় কোস্টারিকা। ব্রায়ান ওবিয়েদো বাঁ প্রান্ত দিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে শট নেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
শেষ পর্যন্ত খেলার ৬০ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। দানি আলভেসের 'ক্রস' থেকে বল পেয়ে জালে জড়িয়ে দেন নেইমার। ৭২ মিনিটে এগিয়ে যেতে পারতো তারা। রোনালদিনহোর কাছ থেকে আড়াআড়িভাবে বল পেয়ে মাথা দিয়ে গোল করার চেষ্টা করেন ফ্রেড। কিন্তু গোল-লাইনের ওপর বলটি ধরে ফেলেন গোলরক্ষক নাভাস।
কিছুক্ষণ পর ২৫ গজ দূর থেকে শট নেন নেইমার। আর বল চলে যায় বারের ওপর দিয়ে।
কোস্টারিকার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন শেষ হয়ে যায় ৮৪ মিনিটে মোরার লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। এদিকে সংখ্যায় বেশি থাকার পরও তার সুযোগ নিতে পারেননি মানো মেনেজেসের খেলোয়াড়ও। বাড়াতে পারেননি তারা জয়ের ব্যবধান।
ব্রাজিল বুধবার আরেকটি প্রীতি ম্যাচ খেলবে এবারের গোল্ড কাপ চ্যাম্পিয়ন মেক্সিকোর সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২০৭ ঘ.
bdnews24