২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোর মূল পর্বে ইংল্যান্ড, রুনিকে লাল কার্ড

মন্টেনেগ্রোর সঙ্গে ২-২ গোলে ড্র করে ইউরো চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। যদিও লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় ওয়েন রুনিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2011, 05:00 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মন্টেনেগ্রোর সঙ্গে ২-২ গোলে ড্র করে ইউরো চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। যদিও লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় ওয়েন রুনিকে। এদিকে মূল পর্বে খেলার সুযোগ হাতছাড়া করেছে ক্রোয়েশিয়া। গ্রিসের সঙ্গে হার মানে দলটি ২-০ গোলে। চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়ার জন্য ইংল্যান্ডের প্রয়োজনও ছিল ড্র। ৭৪ মিনিটে রুনিকে যখন লাল কার্ড দেখানো হয় তখন ইংল্যান্ড ২-১ গোলে এগিয়েছিল। গোল দুটো করেন অ্যাশলে ইয়াং ও ড্যারেন বেন্ট। মন্টেনেগ্রোর রক্ষণভাগের খেলোয়াড় মিওদ্রাগ জুদোভিচকে লাথি মারায় রুনিকে লাল কার্ড দেখানো হয়। খেলার শেষের দিকে আন্দ্রিয়া দেলিবাসিচ গোল শোধ করায় প্লে-অফ খেলার সুযোগ পায় মন্টেনেগ্রো। আর ইংল্যান্ড পঞ্চম দল হিসেবে উঠে যায় মূল পর্বে। এরই মধ্যে মূল পর্বে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, ইতালি, জার্মানি ও নেদারল্যান্ডস। স্বাগতিক দেশ হওয়ায় বাছাই পর্ব খেলতে হচ্ছে না পোল্যান্ড ও ইউক্রেনকে। দিনের অন্যান্য খেলায় আর্মেনিয়া ৪-১ গোলে মেসিডোনিয়াকে, অস্ট্রিয়া ৪-১ গোলে আজারবাইজানকে, সুইডেন ২-১ গোলে ফিনল্যান্ডকে, লাটভিয়া ২-০ গোলে মাল্টাকে, বসনিয়া ৫-০ গোলে লুক্সেমবার্গকে, রাশিয়া ১-০ গোলে স্লোভাকিয়াকে, জার্মানি ৩-১ গোলে তুরস্ককে, নেদারল্যান্ডস ১-০ গোলে মলদোভাকে, ডেনমার্ক ৪-১ গোলে সাইপ্রাসকে, বেলজিয়াম ৪-১ গোলে কাজাখস্তানকে, এস্তোনিয়া ২-১ গোলে উত্তর আয়ারল্যান্ডকে, ওয়েলস ২-০ গোলে সুইজাল্যান্ডকে, স্পেন ২-০ গোলে চেক প্রজাতন্ত্রকে, ফ্রান্স ৩-০ গোলে আলবেনিয়াকে ও পর্তুগাল ৫-৩ গোলে আইসল্যান্ডকে হারিয়েছে। এছাড়া ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে রোমানিয়া ও বেলারুশের খেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৫১ ঘ.