ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শামসুন্নাহার চুমকীর আসন কেউ টলাতে পারেনি। সোমবার টানা দ্বিতীয় বারের মতো সামার অ্যাথলেটিক্স মিটের ১০০ মিটার ¯িপ্রন্টে সোনা জিতেছেন বাংলাদেশ আনসারের এই অ্যাথলেট। আগের দিন ২০০ মিটার দৌড়ের শ্রেষ্ঠত্বও ছিলো চুমকীর।
তার প্রধান প্রতিদ্বন্দ্বী নাজমুন্নাহার বিউটি অবশ্য লড়াইয়ের আগেই ছিটকে পড়েন। ফলস স্টার্টের কারণে বাদ পড়ে যান তিনি।
১০০ মিটারে ১২.৩ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করেন চুমকী। রুপা জয়ী বিকেএসপির পাপিয়া রানী সরকারের সময় ছিলো ১২.৪ সেকেন্ড। ১৩.২ সেকেন্ডে ব্রোঞ্জ পান বিজেএমসির সুমি খাতুন।
ছেলেদের ১০০ মিটার ¯িপ্রন্টে সোনা জিতেছেন বিমানবাহিনীর হাফিজুর রহমান। এই ইভেন্টে এবারই প্রথম সোনা জিতলেন তিনি। হাফিজের সময় লেগেছে ১০.৯ সেকেন্ড। বিকেএসপির মেজবাহ ১১ সেকেন্ড ও সেনাবাহিনীর মোহন খান ১১.১ সেকেন্ড সময় নিয়ে রুপা ও ব্রোঞ্জ জিতেন।
পাঁচটি সোনা জিতে প্রতিযোগিতায় সেরা অ্যাথলেট হয়েছেন বিজেএমসির মেরুনা। তিনি ৪০০, ৮০০, ১৫০০ ও ৩০০০ মিটার দৌড় এবং ৪ী৪০০ মিটার রিলেতে সোনা জিতেছেন।
৩৩টি পদক জিতে প্রতিযোগিতার শ্রেষ্ঠত্ব সেনাবাহিনীর অধিকারে। তারা ১০টি সোনা, ১১টি রুপা ও ১২টি ব্রোঞ্জ জিতেছে। ২৬ টি পদক জিতে দ্বিতীয় হয়েছে বিজেএমসি। তারা জিতেছে ১০ টি সোনা, ১০ টি রুপা ও ৬ টি ব্রোঞ্জ। এছাড়া আনসার ৫টি, নৌবাহিনী ৪টি, বিকেএসপি ৩টি, বিমানবাহিনী দুটি, বাংলাদেশ জেল ও চুয়াডাঙ্গা জেলা একটি করে সোনা জিতেছে।
প্রতিযোগিতায় ৩৬টি ইভেন্টে ৩৮টি দলের ৩৫৪ জন অ্যাথলেট অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪০ঘ.
bdnews24